তবু অখুশি ফন গাল

লুই ফন গালকে সন্তুষ্ট করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে তাঁর ছাত্রদের জন্য!
এমন দারুণ একটা জয়, তার ওপর যাঁকে নিয়ে প্রত্যাশাটা সবচেয়ে বেশি সেই ওয়েইন রুনির জোড়া গোল, হুয়ান মাতার দুর্দান্ত পারফরম্যান্স। সবচেয়ে বড় কথা, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর নতুন যে ছকে ফন গাল দলটাকে খেলাতে চাইছেন সেটাও কয়েক দিনের মধ্যেই আয়ত্ত করে নিয়েছেন ছাত্ররা। অথচ ইউনাইটেড কোচ বলছেন, হচ্ছে না। আরও ভালো করতে হবে।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৭-০ গোলে উড়িয়ে শুরু হয়েছিল ইউনাইটেড কোচ হিসেবে ফন গালের পথচলা। পরশু প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচেও রোমার বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে ইউনাইটেড।
তার পরও ফন গালের অসন্তুষ্টির একটা কারণ, ম্যাচে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড দ্বিতীয়ার্ধে হজম করেছে দুটি গোল। প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেওয়ায় কিছুটা হতাশ ফন গাল, ‘যখন আপনি ৩-০ গোলে এগিয়ে থাকবেন, তখন কাজ হচ্ছে যত বেশি সম্ভব নিজেদের কাছে বল রাখা। যাতে বল নিতে প্রতিপক্ষকে অনেক কষ্ট করতে হয়। শেষ পর্যন্ত দল জিতেছে বলে আমি খুশি, কিন্তু এটুকুই যথেষ্ট নয়।’
অন্য অসন্তুষ্টি ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে। যুক্তরাষ্ট্রের ডেনভারে স্পোর্টস অথরিটি মাঠে স্থানীয় সময় বেলা দুইটায় খেলা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এ মাঠের উচ্চতা ৫ হাজার ফুটেরও বেশি। এমন কন্ডিশনে প্রস্তুতি ম্যাচ খেলা মোটেও পছন্দ হয়নি ইউনাইটেড কোচের, ‘আমি জানি না, হয়তো টেলিভিশন সম্প্রচারের কথা ভেবেই এ রকম সময় ঠিক করা হয়েছে। তবে এই সময়ে এমন কন্ডিশনে খেলা খুব কঠিন। হয়তো উচ্চতা কিংবা প্রচণ্ড তাপমাত্রার কারণে কেউ সেরাটা দিতে পারেনি। এত বাতাস ছিল যে পাসগুলোও ঠিকঠাক হচ্ছিল না।’
এত প্রতিকূলতার পরও যে রুনি ও মাতা জ্বলে উঠেছেন, আলাদা করে সেটা বলতে ভোলেননি ইউনাইটেড কোচ, ‘আমি আলাদা করে কারও প্রশংসা করার বদলে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। তবে মাতাকে রুনি যে পাসটা দিয়েছে তা অসাধারণ। ওরা দুজনই দারুণ মাথা খাটিয়েছে।’
একই টুর্নামেন্টের অন্য ম্যাচে ইন্টার মিলানের কাছে টাইব্রেকারের ৩-২ ব্যবধানে হেরে গেছে ইউরোপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ক্যালিফোর্নিয়ার মেমোরিয়াল স্টেডিয়ামে গ্যারেথ বেলের দুর্দান্ত গোলে মাত্র ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু ৬৮ মিনিটে ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকারদির গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ ১-১ সমতায়। বেল-ইসকো-ডিয়েগো লোপেজরা খেললেও এ ম্যাচে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামাননি আলোনসো-মডরিচ-ক্রুসদের। ছুটি শেষ করে দলের সঙ্গে যোগ দিতে গত শনিবারই কেবল যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফপি, রয়টার্স।
প্রাক-মৌসুম প্রস্তুতির এ টুর্নামেন্টে আরও খেলছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, মিলান ও অলিম্পিয়াকস।