তবু অনিশ্চিত এনরিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, মৌসুম শেষ হলে আমাকে মূল্যায়ন করবেন। মৌসুম শেষ। লুইস এনরিকেও বার্সেলোনাকে আবার তুলেছেন সাফল্যের চূড়ায়। পেপ গার্দিওলার মতো প্রথম মৌসুমেই জিতিয়েছেন লা লিগা, কোপা ডেল রে আর চ্যাম্পিয়নস লিগের ত্রিমুকুট। কিন্তু এত কিছুর পরও নাকি এনরিকে আগামী মৌসুমে বার্সেলোনায় থাকছেন কি না সেই নিশ্চয়তা নেই! পরশু বার্লিনের ফাইনাল শেষে সেই ইঙ্গিতই দিলেন বার্সেলোনা কোচ, ‘সত্যি বলছি আমি জানি না আদৌ আমি সামনের মৌসুমে বার্সেলোনায় থাকব কিনা! শুধু এটুকু বলতে পারি আজ রাতে জমজমাট পার্টি হবে।’
মৌসুমের মাঝামাঝি গুঞ্জন উঠেছিল, এনরিকে আর মেসির মধ্যে বনিবনা হচ্ছে না। তখন থেকেই আসলে বার্সেলোনায় এনরিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কঠিন সময়ে যাঁরা তাঁর ওপর আস্থা রেখেছিলেন ত্রিমুকুট জিতে তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি বার্সেলোনা কোচ। এএফপি।