তবু আশাবাদী মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার পর থেকেই মারুফুল হকের কণ্ঠে আশার গান। আফগানিস্তানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরও তা থামিয়ে দিচ্ছেন না। বাংলাদেশ কোচকে বরং কাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে পৃথিবীর সেরা আশাবাদী মানুষের মতোই দেখাল।
কোনো উত্তেজনা নেই, আপাত শান্ত গলায় হারের ব্যবচ্ছেদ করলেন। মারুফুলের এটাই বড় বৈশিষ্ট্য। হয়তো দলের মনোবল চাঙা রাখতেই নিজে হতাশা প্রকাশ করতে চান না। কালকের ম্যাচ দেখে গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায় দেখছেন অনেকে। তবে মারুফুলের মনে হচ্ছে বাংলাদেশের পক্ষে এখনো চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, ‘আমরা শুধু একটা ম্যাচ হেরেছি। টুর্নামেন্ট থেকে বিদায় নিইনি। আগে যা লক্ষ্য ছিল, এখনো সেটিই আছে। বাকি দুটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নামব।’
আফগানিস্তানের চার গোলের তিনটিকেই নিজেদের ভুলের মাশুল বলছেন কোচ, ‘ওরা তিনটি সুযোগ পেয়ে তিনটিই কাজে লাগিয়েছে। আমরা দুটি সুযোগ পেয়েও নষ্ট করেছি।’ আফগানরা শারীরিক সামর্থ্য আর ফিটনেসে অনেকটাই এগিয়ে, এটি বাংলাদেশের কোচও স্বীকার করে নিলেন, ‘ওরা এই দুটি জায়গায় আমাদের পেছনে ফেলেছে।’
আক্রমণে আফগানরা ছিল ক্ষুরধার। বাংলাদেশের সঙ্গে এর আগে কখনো জিততে না পারা দলটির কাল প্রথমার্ধে এমন রুদ্রমূর্তি যে বাংলাদেশ মানসিকভাবেই যেন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। মারুফ সরাসরি তা মানেননি। তবে পরোক্ষে যা বললেন সেটার মর্মার্থ একই, ‘আমরা আসলে মিস পাস করেছি অনেক। এটা না করলে ওরা হয়তো সুযোগগুলো পেত না।’
আফগানিস্তানের কোচ পিটার সিগ্রাত মুখে চওড়া হাসি ছড়িয়ে সমবেদনাই জানালেন বাংলাদেশকে, ‘বাংলাদেশ দুটি গোল পেতে পারত।’ তবে প্রতিপক্ষকে চূর্ণ করে গর্বও ঝরল জার্মান কোচের গলায়, ‘আমরা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। গোল পাওয়ায় আত্মবিশ্বাসটাও বেড়ে যায় অনেক।’