তবু আশায় সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিই যখন কথা বলে! কোকের মাথায় হাত (ডানে), গাবির মুখে হতাশা। অ্যাটলেটিকোর পারফরম্যান্সের প্রতীকই যেন এই মুখগুলো l রয়টার্স
ছবিই যখন কথা বলে! কোকের মাথায় হাত (ডানে), গাবির মুখে হতাশা। অ্যাটলেটিকোর পারফরম্যান্সের প্রতীকই যেন এই মুখগুলো l রয়টার্স

ম্যাচের আগে গ্যালারিতে যে ব্যানারটা দেখা গিয়েছিল, সেটা ম্যাচ শেষেও কী প্রাসঙ্গিক হয়ে রইল!
কী ছিল ব্যানারে? চ্যাম্পিয়নস লিগ ট্রফিটার ছবির সঙ্গে লেখা—‘তোমাদের কেমন লাগে বলো তো?’ বাক্যটির মর্মার্থ বোঝা যাবে, যদি ঊহ্য শব্দগুলোও বলে দেওয়া হয়। ‘চ্যাম্পিয়নস লিগে আমাদের কাছে বারবার হারতে তোমাদের কেমন লাগে বলো তো?’
জবাব দিতে হলে পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে দারুণ কিছু করতে হতো। ডিয়েগো সিমিওনের দল সেটি তো পারেইনি, উল্টো সেমিফাইনালের প্রথম লেগটা ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে নিজেদের বিদায় প্রায় নিশ্চিত করেছে।
তত্ত্বগতভাবে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব অ্যাটলেটিকোর। কিন্তু বাস্তবতা হচ্ছে, ৩ জুন ফাইনালের জন্য কার্ডিফে এক পা দিয়ে রেখেছেন রোনালদোরা।
আরও একবার সেই রিয়াল-বাধাতেই হোঁচট খেয়ে পড়া। ২০১৩-১৪ মৌসুমে লিসবনের ফাইনালে পারেনি অ্যাটলেটিকো, পারেনি দুই বছর পর সান সিরোর ফাইনালেও। মাঝে ২০১৪-১৫ মৌসুমে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে হেরেই। এবার নিজেদের মাঠে ফিরতি লেগে অলৌকিক কিছু করতে না পারলে টানা চারবার হবে!
ম্যাচ শেষ মলিন মুখে সংবাদ সম্মেলনে আসা অ্যাটলেটিকো কোচ সিমিওনে অবশ্য বারবার বলে গেলেন, ‘এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমি মনে করি, এখনো আমাদের সুযোগ আছে। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ, আমাদের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর।’
কিন্তু সত্যিটা হচ্ছে, কথাটা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখের মতো দল বললে যতটা বাস্তব মনে হতো, অ্যাটলেটিকোর ক্ষেত্রে ততটা মনে হচ্ছে না। ‘অলৌকিক’, ‘অবিশ্বাস্য প্রত্যাবর্তন’—এই কথাগুলোই তো অ্যাটলেটিকোর সঙ্গে যায় না! আর বারবার এভাবে রিয়াল-বাধায় হোঁচট খেয়ে পড়ার পর খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর জন্য উজ্জীবিত রাখাও তো কঠিন।
সিমিওনে তবু আশা ছাড়ছেন না, ‘সম্ভাবনা যত ক্ষীণই হোক, আমরা চেষ্টা করব। আমি আমার খেলোয়াড়দেরও এটা বলেছি, সমর্থকদেরও বলছি—আমরা হাল ছাড়ব না। এটা অসম্ভব তো নয়।’ ইএসপিএন।