তবু আস্থার নাম ডি ক্রুইফ!

জাতীয় দলের কোচবিষয়ক নতুন চিন্তাভাবনায় আপাতত দাঁড়ি টানছেন কাজী সালাউদ্দিন। লোডভিক ডি ক্রুইফকেই তাঁর পছন্দ। তাই সেপ্টেম্বর-অক্টোবরে ভুটানের বিপক্ষে অগ্নিপরীক্ষার দুটি ম্যাচে এই ডাচ কোচকেই রাখার আভাস দিলেন বাফুফে সভাপতি।
সালাউদ্দিনের সঙ্গে কাল বাফুফে ভবনে ডি ক্রুইফের আলোচনার পর জানানো হলো, ১৫ জুলাইয়ের মধ্যে প্রিমিয়ার লিগ শুরুর আগেই কোচের নাম জানানো হবে।
তবে সেই নামটা যে ডি ক্রুইফই হবে, পরোক্ষে তা জানিয়ে দিলেন বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল, ‘আমরা ওঁকে চাইছি।’ ডি ক্রুইফ যদিও বলছেন হল্যান্ডের ক্লাব এফসি হল্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে। তবে ইন্টারনেট ঘেঁটে এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ওই ক্লাবের সঙ্গে কথা বলে বাফুফেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেছেন ডি ক্রুইফ। তবে বোঝা যাচ্ছে ভুটান ম্যাচে থাকছেন। মজা করে তিনিই বলছিলেন, ‘ভুটানের সঙ্গেও আমরা (বাংলাদেশ) যদি হারি, তাহলে আমাদের উচিত হবে ফুটবল বাদ দিয়ে ক্রিকেট-হকি খেলা।’
ভুটানের কাছে হারলেও ডি ক্রুইফকে দীর্ঘ মেয়াদে রাখা হতে পারে বলে গুঞ্জন আছে। তাঁকে তৃণমূল ফুটবল উন্নয়নে কাজে লাগানোর কথাবার্তাও বাতাসে ভাসছে। তবে গত তিন বছরের বেশি সমেয় তিন মিনিটের জন্যও এই কোচকে ফুটবলের উন্নয়নে কাজে লাগায়নি বাফুফে। যদিও তাঁর নিয়োগ শুধু জাতীয় দলের কোচ হিসেবে। কিন্তু জাতীয় দলের কোচের অন্যতম কাজ ঘরোয়া খেলা দেখে খেলোয়াড় বাছাই করা। ডি ক্রুইফ তিন বছরে হাতে গোনা কয়েকটি ঘরোয়া ম্যাচই হয়তো দেখেছেন। সেটিও ২০১৩ সালে নিয়োগ পাওয়ার প্রথম দিকে। বাফুফের নানা সীমাবদ্ধতায় জাতীয় দলের ম্যাচ শেষে চলে যেতেন, ফিরতেন আরেকটি ম্যাচের আগে।
এই যাওয়া আসার মধ্যেই ঠিকমতো বেতন না পাওয়ার অভিযোগ এনে ডি ক্রুইফ তীব্র ভাষায় বাফুফেকে আক্রমণ করেন একাধিকবার। তবু দুবার তাঁকে বিদায় দিয়ে ফিরিয়ে আনা হয়েছে উচ্চ বেতনেই।
এক মাসের সর্বশেষ মেয়াদ শেষে ডি ক্রুইফকে আবারও রাখার বড় যুক্তি, বাংলাদেশে ফুটবলারদের চেনেন। চেনাজানাই কোচ নিয়োগের মানদণ্ড যদি হয়, জর্জ কোটানও বাংলাদেশের কোচ হওয়ার জোর দাবি তুলতে পারেন। কোটান ২০০৩ সালে বাংলাদেশকে সাফ ফুটবল জিতিয়েছেন। ডি ক্রুইফ তিন বছরেও (ছয় মাস ছিলেন না) সাফল্যের খাতাই খুলতে পারেননি।
পরিসংখ্যান বলছে, গত তিন বছরে তাঁর অধীনে ২১টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪টি, ড্র ৫, হার ১২। সর্বশেষ জয় গত বছরের গোড়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে থাইল্যান্ডের সঙ্গে। এরপর গোটা দশেক ম্যাচে তাজিকদের সঙ্গে একটি ড্র ছাড়া শুধু হার আর হার।
তবে ফল নয়, বাংলাদেশের পারফরম্যান্সে ‘উন্নতি’ দেখে বেশ খুশি তাবিথ আউয়াল, ‘অ্যাওয়ে ম্যাচ থেকে হোমে আমরা কাল (পরশু) ভালো উন্নতি দেখলাম তাজিকদের সঙ্গে। আমরা কিছু সুযোগও পেয়েছি। আশা করছি, এশিয়া কাপের বাছাইপর্ব খেলতে পারব এবং এ নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনায় ডি ক্রুইফকে রেখেছি আমরা।’
দীর্ঘ মেয়াদে এবং কার্যকর চুক্তি হলে হতেই পারে, কিন্তু ডি ক্রুইফ-বাফুফের সম্পর্কে কোনো জবাবদিহি নেই। তাজিকিস্তানে কদিন আগে জাতীয় দল ৫ গোলে হারলেও কোচের কাছে কোনো ব্যাখ্যা চায়নি বাফুফে। তাজিকদের কাছে দুটি প্লে-অফে ৬-০ গোলে হার, ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে ঢোকার প্রথম সুযোগটি শেষ। এ নিয়ে বাফুফের কর্তাদের আত্মসমালোচনা নেই। নীতিনির্ধারকেরা বরং খুশি যে, তাজিকিস্তানের সঙ্গে পরশু বাংলাদেশ ভালো খেলেছে!
কিন্তু এও সত্য, এই তাজিকদের বাংলাদেশ হারিয়েছে ২০১০ সালে। গত বছর ঢাকায় ড্র করেছে। আর এখন হেরেও খুশি!
তবে ডি ক্রুইফের ব্যাপারে বাফুফেতে ভিন্নমতও আছে। কয়েকজন সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টা নিয়ে আজ বাফুফের জরুরি সভা ডাকা হয়েছে। কোচ নিয়োগে শতভাগ পেশাদারির কথা বলেছিলেন সালাউদ্দিন। কিন্তু কোচ নিয়োগে বাফুফের পেশাদারি তো মোটেও দেখা যাচ্ছে না!