তবু ইব্রায় মুগ্ধ মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচ ও হোসে মরিনহো
ইব্রাহিমোভিচ ও হোসে মরিনহো

গোল তিনি করেছেন। আর তাঁর করা একমাত্র গোলেই ইউরোপা লিগে পরশু রাতে জরিয়া লুহানস্কের বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইব্রাহিমোভিচ ওই গোল না করলেও তাঁকে নিয়ে হোসে মরিনহোর মুগ্ধতা থাকত একই রকম। ইউনাইটেড কোচের কাছে ইব্রা আসলেই এক বিশেষ খেলোয়াড়।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডাচ ক্লাব ফেইনুর্ডের কাছে ১-০ হারায় এই ম্যাচে কিছুটা চাপে ছিল ইউনাইটেড। তবে ওল্ড ট্রাফোর্ডে পরশু ইউক্রেনের ক্লাব জোরিয়ার বিপক্ষে সেই চাপ গায়েই মাখেননি ইউনাইটেডের খেলোয়াড়েরা। দাপটের সঙ্গেই খেলেছেন শুরু থেকে। গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত। একাদশে জায়গা হারানো অধিনায়ক ওয়েইন রুনি বদলি নেমেছিলেন ৬৭ মিনিটে। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলের সুযোগও পেলেন। তবে তাঁর অদ্ভুত শটটা শেষ পর্যন্ত ইব্রাই হেড করে পাঠিয়েছেন জরিয়ার জালে।
ম্যাচ শেষেও ইউনাইটেড কোচ মুগ্ধ তাঁর সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে, ‘ও অসাধারণ খেলোয়াড়। যদি সে গোল না-ও করে, দলে সে থাকায় যে গতি আসে, আক্রমণ যেভাবে নেতৃত্ব দেয় এটা দেখে তার বয়স অবিশ্বাস্য মনে হয়। আসলে গুণগত মানটাই বড় এবং তার মান তো অসাধারণ।’

প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচটিসহ এ নিয়ে টানা দুই ম্যাচে বদলি নামলেন রুনি। একাদশে জায়গা হারিয়ে ইউনাইটেড অধিনায়ক কি অসন্তুষ্ট? তাঁর হয়ে উত্তর দিলেন মরিনহো, ‘ও (রুনি) তো হাসছিল। বলেছে, এই ম্যাচে নাকি সে দারুণ অ্যাসিস্ট করেছে।’ ফোরফোরটু।