তবু ইরানকে হারানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানকে প্রথম ম্যাচে হারিয়ে স্বপ্ন দেখার শুরু। আরব আমিরাতকে ৬ গোলে উড়িয়ে দেওয়ায় সেটিতে রং চড়েছিল আরও। কিন্তু ভারতের কাছে হারেই স্বপ্নটা ধূসর হয়ে যায় অনেকটা। পরশু ইরান ও ভারতের বড় জয়ে বলতে গেলে শেষই হয়ে যায় বাংলাদেশের মেয়েদের আশা। একটা বেদনা নিয়েই আজ শেষ ম্যাচে ইরানের বিপক্ষে নামছে সানজিদারা।
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে বাংলাদেশের গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে যাবে একটি দল। পাঁচ দলের লড়াইয়ে এগিয়ে ইরান। তিন ম্যাচেই জয় তুলে তারা গোলগড়েও রয়েছে সুবিধাজনক জায়গায় (+১৫)। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ (+৬) গোলগড়ে অনেকটাই পিছিয়ে। সমান ৬ পয়েন্ট নিয়ে ভারতও গোলগড়ে বাংলাদেশকে বেশ পেছনে ফেলেছে (+১২)
কাজেই বাংলাদেশের পক্ষে চূড়ান্ত পর্বে ওঠাটা প্রায় অসম্ভব। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইরানের সঙ্গে ম্যাচ খেলার সুযোগও অবশ্য বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি বলে মানতে হবে। এ ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হবে বিকেল পাঁচটায়। তার আগে একই মাঠে বেলা ২টায় শুরু ভারত-জর্ডান ম্যাচ। ভারত জর্ডানকে সহজেই হারাবে ধরে নিলেও ইরান-বাংলাদেশ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের।
ভারত ৫-৬ গোলে জিতলে সমীরকরণটা আরও কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে ভারত ড্র করলে বা হারলে ইরানকে অন্তত ৫ গোলের ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন (গতকাল ভুলক্রমে লেখা হয়েছিল বাংলাদেশ দল ইরানকে ৯ গোলে হারালেও ভারত-জর্ডান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে)।
এসব নিছকই সমীকরণ। ইরানের সঙ্গে ড্র করতে পারাই হবে বাংলাদেশের জন্য বড় সাফল্য। জয় পেলে তো বড় মঞ্চ করে সংবর্ধনা দেওয়া উচিত মেয়েদের। কারণ এই গ্রুপে ইরানই সবচেয়ে শক্তিশালী এবং দলটির কাছে বাংলাদেশের হার খুবই স্বাভাবিক।
তবে এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী মেয়েদের ফুরফুরে মেজাজেই দেখতে চান মাঠে, ‘আমরা যা প্রত্যাশা করেছিলাম, সেটা অর্জন করেছি। কাজেই গ্রুপে অবস্থান কী হলো তা একদমই মাথায় আনছি না। মেয়েদের বলেছি, মাথায় কোনো সমীকরণই আনবে না।’ তবে মেয়েরা ইরানকে হারানোরই স্বপ্ন দেখে। অধিনায়ক মণিকা চাকমা যেমন বলল, ‘আমরা নিজেদের সেরাটাই মাঠে দেব। যেভাবে খেলে আমরা জর্ডানকে হারিয়েছিলাম প্রথম ম্যাচে, তার চেয়েও ভালো খেলতে চাই।’
মেয়েদের মনোবল যে তুঙ্গে, তা বোঝাই যাচ্ছে। চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ কার্যত শেষ হয়ে যাওয়ায় তাদের মন খারাপ। বেশি মন খারাপ ভারতের বিপক্ষে ম্যাচে ‘দুর্বল রেফারিংয়ের’ শিকার হওয়ায়। তার পরও মন শক্ত করে মাঠে নামতে তৈরি বাংলাদেশের মেয়েরা। এ পর্যন্ত বাংলাদেশের ৮ গোলের চারটিই করা সানজিদা এ ম্যাচেও উজ্জীবিত, ‘ইরানের সঙ্গেও গোল করতে চাই।’