তবু কোচের কণ্ঠে অভিমান

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পরাজিত দলের কোচের আগে আসার রেওয়াজ। সংযুক্ত আরব আমিরাতের কোচ আজম ঘাটাক চলে এলেন একটু আগেভাগেই। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ যে দাপটের সঙ্গে খেলেছে, তাতে নিজের দলের হারটা হয়তো অনুমিতই ছিল এই সিরিয়ানের কাছে। যে কারণে পরাজয়ের জন্য কোনো অজুহাত খোঁজার বদলে অকুণ্ঠ প্রশংসা করে গেলেন কৃষ্ণা-সানজিদাদের।
একটু বিস্ময় মাখানো কণ্ঠেই আজম ঘাটাক বললেন, ‘এখানে আসার আগে যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক ভালো এই দল। বাংলাদেশের মেয়েরা এত ভালো খেলেছে যে, আমি কিছুটা হলেও অবাক হয়েছি।’
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশ। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার ছক এখন থেকেই কষতে শুরু করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘এখন আমাদের বসে থাকার সময় নেই। ভালো কিছু করতে হলে দীর্ঘমেয়াদি ট্রেনিং ও ভালো মানের দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’
শেষ ম্যাচটা জিতেই বাছাইপর্ব শেষ করতে চেয়েছিলেন গোলাম রব্বানী। মেয়েরা কথা রাখতে পেরেছে বলে তিনি পরিতৃপ্ত একজন মানুষ, ‘চীনা তাইপেকে হারানোর পর শেষটা ভালো করা নিয়ে ভয় ছিল আমার। শেষ ভালো যার সব ভালো তার, এমনটাই চেয়েছিলাম। জিতে শেষ করেছি বলে আল্লাহর কাছে কৃতজ্ঞ।’ এমন সংশয়ের একটা কারণ ছিল বৃষ্টিভেজা বাজে মাঠ, ‘মাঠের অবস্থা বাজে ছিল। তারপরও মেয়েরা পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে। ছয় দিনে টানা পাঁচটা ম্যাচ খেলা কঠিন। তারপরও ওরা যা খেলেছে তাতে আমি খুশি।’
বয়সভিত্তিক এই দলটা নিয়ে কম লড়তে হয়নি গোলাম রব্বানীকে। বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। অনুশীলন করতে গিয়ে অন্য দলকে জায়গা ছেড়ে দিয়ে ফিরতে হয়েছে। গত জুলাইয়ে মেয়েদের আবাসিক ক্যাম্প শুরু হতেই ঘটে আরেক অঘটন। একসঙ্গে ৮ ফুটবলার ফ্লুতে আক্রান্ত হয়। সহকারী কোচ মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তারের অক্লান্ত পরিশ্রম আর সেবায়œ শেষ পর্যন্ত মেয়েরা সুস্থ হয়ে ওঠে। সেদিনের কথা মনে করে গোলাম রব্বানী বলছিলেন, ‘ভীষণ মুষড়ে পড়েছিলাম। পুরো দল অসুস্থ হয়ে পড়লে কি হতো এই ভয়ে রাতে ঘুম আসত না।’
এই কোচের অধীনে বয়সভিত্তিক প্রতিযোগিতায় টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচে জিতেছে বাংলাদেশ। এটাও বিশাল এক অর্জন। গত বছর নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতা দিয়ে শুরু। ভারতের সঙ্গে প্রথমে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর ভুটানকে ১৬-০, ইরানকে ২-০, নেপালকে ১-০ গোলে হারায়। মে মাসে তাজিকিস্তানে ভারতকে ৩-১, নেপালকে ৯-০, তাজিকিস্তানকে ৯-১ এবং ভারতকে ৪-০ গোলে হারায়। এরপরই ঢাকায় টানা পাঁচ ম্যাচের দাপুটে জয় মেয়েদের।
অথচ এই কোচকেই বাদ দিয়ে বিদেশি কোচ নিয়োগের চিন্তাভাবনা করছে ফেডারেশন! এমন একটা গুঞ্জন ফুটবলপাড়ায় ছড়িয়ে পড়েছে। গোলাম রব্বানীর কানেও তা গেছে। তাঁর কণ্ঠে তাই একটু অভিমানী সুর, ‘আমরা অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কাজ করি। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য নেই। জাতীয় দলের সহকারী ছিলাম। কিন্তু এমন দলের দায়িত্ব দেওয়া হলো যে ফুটবলাররা ফুটবলে লাথিই দিতে পারত না। এদের এশিয়ার আট দলের মধ্যে তুলেছি। এখন ফেডারেশন যা ভালো বোঝে সেটাই করবে।’