তবু ক্রুইফের চোখ চূড়ান্ত পর্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডভিক ডি ক্রুইফ বাস্তববাদী মানুষ। অকারণে প্রত্যাশার বেলুন ফোলাতে রাজি নন। ২৭-৩১ মার্চ ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইপর্ব নিয়ে তাই বেশ সতর্ক বাংলাদেশ দলের কোচ।
বাফুফে ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে অবশ্য আশার কথাও থাকল, ‘কাজটা কঠিন এবং আমাদের সেই বাস্তবতা বুঝতে হবে। তবে অবশ্যই আমরা পরের রাউন্ডে উঠতে লড়াই করব।’
উজবেকিস্তানকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে এই গ্রুপে। রানার্সআপের বড় দাবিদার সিরিয়া। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা ৫ রানার্সআপ দল যাবে চূড়ান্ত পর্বে। সেই দৌড়ে বাংলাদেশ পিছিয়েই আছে। বিশেষ করে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যবধান অনেক। শুধু ভারতই কাছাকাছি মানের দল। তাই ভারতের থেকেই ৩ পয়েন্ট পাওয়ার জোরালো স্বপ্ন বাংলাদেশের। সিরিয়ার সঙ্গে লড়াই করে পয়েন্ট নিতে পারলে খুবই ভালো। এই ম্যাচটিই বাংলাদেশের ভাগ্য অনেকটা ঠিক করে দেবে।
কে জানে, ভালো খেলতে পারলে চূড়ান্ত পর্বে উঠেও যেতে পারে বাংলাদেশ। সেই আশা পূরণে কোচের পাশে বসে ভালো খেলার প্রতিশ্রুতি দিতে ভোলেননি অধিনায়ক রায়হান হাসানও।