ঢাকার বাইরে ফুটবলে যতই দর্শকের ঢল নামুক, ঢাকার বড় দলগুলোর এ নিয়ে ইতিবাচক চিন্তা করার সময় কই! প্রিমিয়ার লিগে তারা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামকেই করেছে নিজেদের হোম ভেন্যু। এই স্টেডিয়ামের ‘মায়ায়’ ক্লাবগুলো এতই কাতর যে ঢাকার বাইরে যেতে তাদের রাজ্যের অনীহা!
সিলেটে সম্প্রতি নেপালের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গেট ভেঙে দর্শক ঢুকেছে মাঠে। তা দেখে ওই দিনই লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি সিলেট নিজেদের হোম ভেন্যু করার আগ্রহ জানায় সাংবাদিকদের কাছে।
শেখ জামাল ডিগবাজি খেয়েছে পরে। সিলেট থেকে চোখ সরিয়ে ফরিদপুরে নবনির্মিত শেখ কামাল স্টেডিয়ামকেই তারা হোম ভেন্যু করতে আগ্রহী হয়ে ওঠে। শেখ জামাল সিলেটে যাবে না জেনে মোহামেডান আগ্রহী হয়ে ওঠে সিলেটের ব্যাপারে। কিন্তু কোথায় কী! শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, দুটি দলই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়বে না।
আসন্ন প্রিমিয়ার লিগে দলগুলোর কে কোথায় ভেন্যু করতে চায়, বাফুফেকে তা জানানোর শেষ সময় ছিল ২১ অক্টোবর। কেমন সাড়া মিলল? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ হতাশা নিয়েই জানালেন, ‘মোহামেডান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়ে দিয়েছে, তারা সিলেটে ভেন্যু করবে না। শেখ জামাল চিঠি দেয়নি। আমরা দলটির সঙ্গে যোগাযোগ করে জানাতে পেরেছি, ঢাকার বাইরে যেতে তারাও আগ্রহী নয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামই তাদের ভেন্যু।’
প্রিমিয়ার লিগের দশ দলের মধ্যে মুক্তিযোদ্ধা ভেন্যু করেছে গোপালগঞ্জে, চট্টগ্রাম আবাহনী চট্টগ্রামে। ফেনী সকারের ভেন্যু ফেনী স্টেডিয়াম, তবে ওই স্টেডিয়ামের মাঠ নিয়ে অনেক ক্লাবেরই আপত্তি থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এবার ফেনীতে লিগের ভেন্যু থাকবে। ছাড়-টার দিয়েও যদি ভেন্যুটাকে টিকিয়ে রাখা যায়, তাহলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ মাত্র চারটি ভেন্যু থাকে প্রিমিয়ার লিগের।
বাফুফে কিন্তু খুব করেই চাইছে ঢাকার বাইরে ভেন্যু বাড়াতে। সিলেট, যশোর, রাজশাহী বিবেচনার শীর্ষে। এ নিয়ে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী দুই দিন আগেও বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু ক্লাব থেকে তেমন সাড়া না পাওয়ায় অসহায়ত্বই প্রকাশ পাচ্ছে তাঁর কণ্ঠে, ‘ক্লাবগুলোকে নানাভাবে ঢাকার বাইরে নিতে চেষ্টা করছি আমরা। কিন্তু তারা যেতে না চাইলে কী করবে ফেডারেশন! কয়েক দিনের মধ্যে লিগ কমিটির সভায় বিষয়টা চূড়ান্ত হবে। ফেডারেশন তো চায় সব খেলাই ঢাকার বাইরে নিতে।’
কিন্তু বাফুফের চাওয়ার বিপরীতে ক্লাব ইতিবাচক সাড়া না দেওয়ায় সবই পরিণত হচ্ছে অরণ্যরোদনে!