তবু খুশি নন ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুয়ান ফেলাইনি করলেন স্টোক সিটির বিপক্ষে ইউনাইটেডের প্রথম গোলটা। আনন্দে তাঁর কাঁধে সওয়ার হয়ে গেলেন জেমস উইলসন। পরশু ওল্ড ট্রাফোর্ডে l রয়টার্স
মারুয়ান ফেলাইনি করলেন স্টোক সিটির বিপক্ষে ইউনাইটেডের প্রথম গোলটা। আনন্দে তাঁর কাঁধে সওয়ার হয়ে গেলেন জেমস উইলসন। পরশু ওল্ড ট্রাফোর্ডে l রয়টার্স

শুরুর দিকের অগোছালো ভাবটা যেন কাটিয়ে উঠেছে দল। টানা চতুর্থ জয়ও পেয়েছে প্রিমিয়ার লিগে। এ সময় তো কোচ লুই ফন গালের একটু স্বস্তিতে থাকার কথা। অথচ ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কথায় যেন সেই স্বস্তি নেই। পরশু স্টোক সিটিকে ২-১ গোলে হারানোর পরও ফন গালের কণ্ঠে অসন্তুষ্টি, ‘ফল যেমনই হোক, আমি আমার দলের পারফরম্যান্স নিয়ে সব সময় সন্তুষ্ট থাকতে চাই। আমি খেপা কোচ, আমার দরকার আরও ভালো পারফরম্যান্স।’ কেন সন্তুষ্ট নন সেটাও ব্যাখ্যা করেছেন ইউনাইটেডের ডাচ কোচ, ‘আমরা টানা চারটি ম্যাচ জিতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমার্ধে আমরা যথেষ্ট আক্রমণাত্মক ছিলাম না। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছি, গোলও করেছি। কিন্তু আমার মনে হয় আরও গোল করা দরকার ছিল।’
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লেস্টারের মাঠে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ১৪ ম্যাচে ব্রেন্ডন রজার্সের দলের পয়েন্ট ২০, সমান ম্যাচ খেলে ইউনাইটেডের ২৫ পয়েন্ট।
লিগ হোক কিংবা কাপ, রিয়াল মাদ্রিদের জয়রথ ছুটছেই। লা লিগার শীর্ষে থাকা দলটি পরশু কোপা ডেল রেতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের তৃতীয় সারির দল কর্নেয়াকে। দুই লেগ মিলিয়ে ৯-১ গোলে জিতে কোপা ডেল রের শেষ ষোলোতেও পৌঁছে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়াল কোচ এ ম্যাচে বিশ্রামে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে। কিন্তু তাঁদের অনুপস্থিতি বুঝতেই দেননি হামেস রদ্রিগেজ আর ইসকোরা। অবশ্য সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটা শেষে একটা দুঃসংবাদ শুনতে হয়েছে আনচেলত্তিকে। ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন রিয়ালের জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। চোটের মাত্রাটা বুঝতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা-নিরীক্ষা করতে। এক রাত হাসপাতালে কাটানোর পর কাল ছাড়া পেয়েছেন খেদিরা। এএফপি, গোলডটকম।