তবু গর্বিত জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিকে বার্সেলোনা যে দুর্দান্ত ফর্মে ছিল, সেখান থেকে লা লিগা জিততে না পারলে সেটাই হতো বিস্ময়ের। বড় চমক হতো রিয়াল মাদ্রিদ শেষ দিনে নাটকীয়ভাবে ট্রফি জিতে গেলে। সেসবের কিছুই হয়নি। বার্সা দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হয়েছে। দেপোর্তিভো লা করুনিয়াকে ২-০ গোলে হারিয়েও তাই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়ালকে।
যদিও মুখে বলেছিলেন শেষ দিনে নাটকীয় কিছু হলেও হতে পারে, কিন্তু জিনেদিন জিদান মনে মনে জানতেন, সেটা দুরাশা ছাড়া কিছু নয়। শেষ মুহূর্তে অতিনাটকীয় কিছু না হওয়াটাকে তাই বাস্তবতা বলেই মেনে নিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমরা কিছুটা হতাশ। কিন্তু ফুটবল তো এমনই। আমাদের যা কিছু করার ছিল সবটাই আমরা করেছি। কিন্তু দিন শেষে আপনাকে মনে রাখতে হবে, বার্সেলোনা আমাদের চেয়ে এগিয়ে ছিল এবং সেটা বদলানো আমাদের পক্ষে অসম্ভব।’
এই হতাশা দূরে সরিয়ে রেখে তাই জিদান নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসাই করলেন, ‘ওরা যেভাবে খেলেছে তাতে আমি আনন্দিত। শেষ সময় পর্যন্ত ওরা হাল ছাড়েনি। আমি ওদের সবাইকে নিয়ে গর্বিত।’
লিগ জিততে না পারলেও জিদানের রিয়াল মাদ্রিদের প্রশংসা করতেই হবে। জানুয়ারির গোড়ায় রাফায়েল বেনিতেজকে যখন বরখাস্ত করা হয়, লিগে রিয়াল মাদ্রিদের অবস্থা বেশ খারাপ। ১৮ ম্যাচের ১১টি জয়, ৪ ড্র আর ৩ হারে নড়বড়ে অবস্থা। সেখান থেকে দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদকে বাকি ২০ ম্যাচের ১৭টিতে জিতিয়ে এনেছেন জিদান, ড্র ২টি, একমাত্র হারটি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই হারের পরই অবশ্য লিগে টানা ১২ ম্যাচ জিতেছে রিয়াল। যেটি লা লিগার নতুন রেকর্ড। এর আগে অন্য কোনো দল লিগে টানা শেষ ১২টি ম্যাচ জিততে পারেনি।
কার্লো আনচেলত্তির অধীনে ২০১৪-১৫ মৌসুমে লিগে টানা ১২ ম্যাচ জিতেছিল রিয়াল। তবে লিগে লস ব্লাঙ্কোদের টানা সবচেয়ে বেশি জয় ১৫টি, মিগুয়েল মুনোজের অধীনে ১৯৬০-৬১ মৌসুমে। আগামী মৌসুমের শুরুতে টানা ৪ ম্যাচ জিতলেই সেই রেকর্ড ভেঙে ফেলবে জিদানের রিয়াল। ফরাসি কিংবদন্তি অবশ্য এখনই অত দূরে তাকাচ্ছেন না। তাঁর ভাবনাজুড়ে এখন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, ‘আমরা ভাগ্যবান যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলব। এখন আমাদের ভাবনাজুড়ে মিলানের ওই ম্যাচ। এখন একটাই পরিকল্পনা—কয়েক দিন বিশ্রাম নিয়ে ওই ম্যাচের প্রস্তুতি শুরু করা।’ ইএসপিএন, মার্কা।