তবু গর্বিত বেনিতেজ!
খেলোয়াড়দের সঙ্গে তাঁর জমেনি শুরু থেকেই, দুয়ো শুনেছেন সমর্থকদের। শেষ পর্যন্ত তো বরখাস্তই হলেন। রিয়াল মাদ্রিদে তাই রাফায়েল বেনিতেজের ৭ মাসের অবস্থান সুখকর বলা যাবে না কিছুতেই। কিন্তু বেনিতেজ তবু সুখী! বরখাস্ত হয়েও বলছেন, কিছুদিনের জন্য হলেও রিয়ালের মতো ক্লাবের কোচ হতে পেরে গর্বিত তিনি।
আনুষ্ঠানিকভাবে বিদায় বলার কোনো সুযোগ তাঁকে দেয়নি রিয়াল। তবে বরখাস্ত হওয়ার পর বেনিতেজ সেই সুযোগটা নিজেই নিয়েছেন ব্যক্তিগত ওয়েবসাইটে। এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এই ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এমন একটা ক্লাবকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য, যেখানে আমি মানুষ, খেলোয়াড় ও কোচ হিসেবে বেড়ে উঠেছি।’
১৯৭৪ থেকে ১৯৮১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের একাডেমিতে ছিলেন বেনিতেজ, খেলেছেন রিয়ালের যুব দলের হয়ে। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত রিয়ালের ‘বি’ দল কাস্তিয়ার কোচও ছিলেন। সম্পর্কটা এত পুরোনো বলেই বিদায়বেলায় একটু বেশি আবেগাপ্লুত বেনিতেজ, ‘একজন মাদ্রিদিস্তা হিসেবে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য আর মূল্যবোধ আমি ধারণ করি, যেটা আমি পেয়েছি এই কাস্তেয়ানা শহর থেকে। এই ক্লাবের হয়ে কাজ করতে পারাটা ছিল গর্বের ব্যাপার।’
শুধু নিজের কথা বলেই শেষ করেননি বেনিতেজ, শুভকামনা জানিয়েছেন তাঁর উত্তরসূরিকেও, ‘আমি জিনেদিন জিদান ও তার সহকারীদের শুভকামনা জানাই। সব খেলোয়াড়, কর্মকর্তা সবার প্রতি আমার শুভকামনা থাকল।’ রয়টার্স।