তবু ঘুরে দাঁড়ানোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
পরশু বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে হারের কাটাছেঁড়াই করেছেন কোচ। ভুল শোধরানোর ব্যবস্থাপত্রও দিয়েছেন সেখানে

পল্টনে সুরম্য হোটেলের ১৪তলায় জিম করছিল বাংলাদেশ দল। সেখানে কাল একটা থমথমে অবস্থাই ছিল।
সহকারী কোচ মাসুদ পারভেজের দেওয়া তথ্য, কিরগিজ ম্যাচের খেলোয়াড়দের নিয়ে ক্লাস করছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। পরশু বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে হারের কাটাছেঁড়াই করেছেন কোচ। ভুল শোধরানোর ব্যবস্থাপত্রও দিয়েছেন সেখানে।
এই প্রতিবেদকসহ জনা দুয়েক সাংবাদিককে ১৪তলায় দেখে গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার একটু যেন ভয়ই পেয়ে গেলেন। বারবার বললেন, ‘কোচ তোমাদের এখানে দেখলে কিন্তু খবর আছে। নিচে যাও, নিচে যাও।’ ডি ক্রুইফ রেগে আছেন বলেই তাঁর জার্মান সহকারী এমন সতর্ক। মুখেও তালা মেরেছেন ডি ক্রুইফ। ১৬ জুন তাজিকিস্তান ম্যাচটা তাঁর জন্য বিরাট এক পরীক্ষা।
ম্যাচটা ভালোভাবে উতরানো গেলে তো ভালোই। কিন্তু মুশকিল হচ্ছে, বাংলাদেশ দলের বারবার একই ভুলের উত্তর কী? ডি ক্রুইফ একই কথা বলতে বলতে বিরক্ত। তাঁর হয়ে কাল গোলকিপিং কোচও দিলেন একই উত্তর।
তবে কিরগিজস্তান ম্যাচে গোলকিপার লিটনের পারফরম্যান্সে শোয়েচলার অখুশি নন, ‘দেখুন, ফ্রি-কিকে প্রথম গোলে লিটনের দায় দেখছি না। দারুণ ফ্রি-কিকটা পোস্টে লেগে জালে গেছে। পেনাল্টি হাতে লাগালেও দুর্ভাগ্যবশত গোল হয়েছে। তৃতীয় গোলটা ছিল অসাধারণ।’ লিটনের প্রশংসাও করলেন, ‘সে ভালো কিছু সেভ করেছে। আমাদের নির্দেশনা অনুসরণ করতে পেরেছে মাঠে।’ এও জানালেন, তাজিক ম্যাচে লিটনেও ওপরই আস্থা রাখবেন।
গোলকিপিং কোচের চোখে কিরগিজদের ম্যাচে নিজেদের ভুলেই অমন হার। বক্সের সামনে অহেতুক ফাউল করে প্রথম গোলের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তবে ভুল থেকে শিখলে তাজিকিস্তান ম্যাচে ভালো কিছু সম্ভব বলেও মানছেন এই জার্মান, ‘মাঠে ভুল না হলে অবশ্যই তাজিকদের কাছ থেকে পয়েন্ট নেওয়া সম্ভব।’
অধিনায়ক মামুনুল ইসলামও আশার গান গাইছেন। কিরগিজ ম্যাচের ভুল শুধরে তাকাতে চান সামনে। তবে শুরুতেই অধিনায়কের দাবি, ‘আমরা কিন্তু আগের অনেক ম্যাচের চেয়ে কিরগিজস্তানের সঙ্গে ভালো খেলেছি।’ সেটিই সত্যি হলে প্রথম ৪০ মিনিটেই ৩ গোল খাওয়া কেন? মামুনুলের ব্যাখ্যা, ‘সমস্যাটা হয়েছে নিজেরা কিছু ভুল করে ম্যাচটা তুলে দিয়েছি।’
ভুল...ভুল...ভুল..ভাঙা রেকর্ড বাজছেই। প্রতি ম্যাচের পরই বলা হচ্ছে, নিজেদের দোষেই হার। এই নিজেদের ‘দোষ’টা কবে ঢাকা যাবে? বিশেষ করে বক্সের আশপাশে অহেতুক ফাউল করার প্রবণতা থেকে কবে মুক্তি মিলবে? কিরগিজ ম্যাচে অন্যদের নিষ্প্রভতায় একমাত্র উজ্জ্বল হয়ে থাকা মামুনুল দিলেন সমাধান, ‘সবাইকে আরও সচেতন হতে হবে। যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন।’ যোগ করলেন আরও, ‘ভুল নিয়ে আমরা কাজ করছি, আশা করি আর অমন হবে না।’ তাঁর কণ্ঠে তাজিক ম্যাচ নিয়ে আশার বাণী, ‘আমরা হতাশ করব না পরের ম্যাচে। জয়ের জন্যই খেলব। সম্ভব না হলে ড্র। পয়েন্ট পাব আশা করি।’
অধিনায়কের দাবি, ‘অবশ্যই আমরাও এগোচ্ছি। সমস্যা হয়েছে, অন্যরা এগোচ্ছে বেশি।’ ঠিকই বলেছেন মামুনুল। কিরজিগরা টেকনিক, ট্যাকটিকস, গতি, চাতুর্য—সবকিছুতেই বাংলাদেশকে পেছনে ফেলেছে। এটিও স্বীকার করতে তাঁর দ্বিধা নেই।
এর মধ্যে দুঃসংবাদ, নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিনকে সম্ভবত তাজিকিস্তান ম্যাচটা খেলতে দিচ্ছে না হাঁটুর চোট। নিজেই বলছিলেন, ‘কিরগিজরা এত ভালো খেলবে বুঝতে পারিনি আমরা। ওরা সত্যিই অনেক এগিয়েছে।’
প্রথম ম্যাচ চোখে আঙুল দিয়েই দেখাল, বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে। নিজেদের আরও তৈরি হওয়ার ওপরই তাই জোর দিচ্ছেন স্ট্রাইকার এনামুল, ‘আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করলে মনে হয় তাজিকদের সঙ্গে ভালো কিছু করতে পারব।’
মাঠে এর প্রতিফলন থাকলেই হয়!