পেশাদার লিগে এত দিন অবনমনের লড়াই করে এসেছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রামের দলটি। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া বড় বাজেটের চট্টগ্রাম আবাহনী জয় দিয়েই মৌসুম শুরু করল। কাল স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। গোল করেছেন মরক্কোর ফরোয়ার্ড তারিক আল জানাবি ও হাইতির নোয়েল ফাব্রিস।
আদালতের নিষেধাজ্ঞায় মামুনুল, রায়হান, নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা, ইয়ামিন মুন্নাসহ পাঁচ ফুটবলার খেলতে পারেননি চট্টগ্রাম আবাহনীর হয়ে। তবে ম্যাচ শেষে মাঠে এসে সতীর্থদের ঠিকই অভিনন্দন জানিয়েছেন মামুনুলরা।
২২ মিনিটে এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু বল লাগে সাইডপোস্টে। তবে ৩০ মিনিটে পেনাল্টিতে গোল করেন তারিক আল জানাবি। গোল শোধে মরিয়া মুক্তিযোদ্ধা বেশ কটি ভালো সুযোগ নষ্ট করেছে। ৪৩ মিনিটে মোবারকের শট সামান্য বাইরে দিয়ে চলে যায়। দুর্ভাগ্য চট্টগ্রাম আবাহনীর, ৪৭ মিনিটে রুবেল মিয়ার জোরালো শট ক্রসবারে লাগল।
৭৫ মিনিটে জাহিদের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ফাব্রিস নোয়েল করলেন জয়সূচক গোল। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন চট্টগ্রাম আবাহনীর কোচ জোসেফ পাভলিক। জয় দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করতে পেরে বেশ খুশিই দেখাল এই সার্বিয়ানকে।
আজকের খেলা: ফেনী সকার-রহমতগঞ্জ, শেখ জামাল-ব্রাদার্স (বিকেল ৪টা ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।