তবু চলে যাবেন কোটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ কোটান
জর্জ কোটান

হোটেল ছেড়ে কদিন আগে ক্লাবে ওঠেন। হোটেলে নাকি একা ভালো লাগে না। জর্জ কোটান মানুষটা খুব আমুদে। ক্লাবে থাকলে সকালে ঘুম থেকে উঠে দেখা হয় সবার সঙ্গে। রুম থেকে বেরোলেই মাঠ। কিন্তু সকালে একটা দিনের জন্যও নাকি তাঁর অভিজ্ঞতা ভালো হয়নি!
সাতটায় উঠে মাঠের দিকে তাকিয়ে ধাক্কা লাগে কোটানের শরীরে। বিভিন্ন বয়সের ২০-৩০ জনকে মাঠের মধ্যে এলোমেলো হাঁটতে দেখেন। ওরা নাকি ঘাস নষ্ট করে। ‘গত সাত মাসে প্রতিদিন দেখেছি এই দৃশ্য। এটা হতে পারে না।’ আবাহনীর চ্যাম্পিয়ন কোচের কণ্ঠে খানিকটা ক্ষোভ।
প্রিমিয়ার লিগ জয়ের পরদিন অস্ট্রিয়ান কোচ ফুরফুরে থাকার কথা, কখনো কখনো সেটা ধরাও পড়ে তাঁর চোখেমুখে। ক্লাব ভবনের দোতলায় নিজের রুমে ফিজিওর শুশ্রূষা নিতে নিতে মজা করেন, ‘কোচ ইজ ইনজুরড’! তবে বলতে ভোলেন না, লি টাক, সানডেরা মাঠে দারুণ খেলেছেন। শেষ দিকে এঁরা না থাকলেও স্থানীয়রা সে অভাব বুঝতে দেননি। এবার সবচেয়ে গোছানো ফুটবল খেলেছে কোটানের আবাহনীই। কিন্তু তীরে তরি ভিড়িয়েও কোটান আবেগে ভাসেন না। এ দেশের ফুটবল-সংস্কৃতি তাঁকে আহত করে সারাক্ষণ।
সাফল্যের এমন মধুর ক্ষণেও তাই বলেন, ‘আবাহনীর অনুশীলনের সময় মাঠে দেদার লোক হাঁটে। কানে ফোন লাগিয়ে কথা বলে। বাদাম, চানাচুর...মুড়ি খাওয়ার ধুম পড়ে।’ এসব অভিনয় করে দেখান কোটান। আটটায় মাঠে গিয়ে অন্তত ২০টি সিগারেটের প্যাকেট কুড়ানোর গল্প বলেন। এগুলো মাঠে না ফেলতে নাকি কত যে অনুরোধ করেছেন! কিন্তু কেউ নাকি কথা শোনে না।
জাতীয় দল নিয়ে একদিন কথা বলতে চেয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। ‘পরদিন প্রেসিডেন্ট সাহেব নিজেই ফোন করে কথা বলবেন বলেছিলেন। কিন্তু ফোনটা আর পাইনি। এ দেশে সবই টুমোরো। কিন্তু সেই টুমোরো আর আসে না।’ কোটান এটা বলে হাসেন।
পরক্ষণেই হতাশা ঝরে কণ্ঠে, ফুটবলীয় অবকাঠামোর কোনো উন্নতি যে দেখলেন না গত ১৩ বছরেও। বরং তাঁর চোখে অবস্থার আরও অবনতি হয়েছে। ফুটবল মাঠ নেই বাংলাদেশে এটা সবার জানাই। সঙ্গে কোটানের সংযোজন, ‘ফুটবলারদের ড্রেসিং রুম, শৌচাগারের কী অবস্থা দেখুন। চট্টগ্রামের মতো শহরে মাত্র একটি মাঠ। কোথায় ছেলেরা তৈরি হবে? এভাবে একটা দেশে ফুটবল আবাদ হয় না। এখানে আপনি আধুনিক ফুটবল শেখাতে পারবেন না কাউকে।’
এ কারণেই কোটান আর বাংলাদেশে থাকতে চাইছেন না! আবাহনীকে এ বছর ঘরোয়া তিনটি ট্রফির দুটি ফেডারেশন কাপ ও লিগ উপহার দিয়ে চলে যাচ্ছেন। যদিও আবাহনীর সামনে ব্যস্ত সময়। ফেব্রুয়ারিতে শেখ কামাল টুর্নামেন্ট। মার্চ থেকে এএফসি কাপের ছয়টি ম্যাচ। কোটানকে তাই থেকে যেতে অনুরোধ করেছে আবাহনী। কিন্তু ৩০ ডিসেম্বর শেষ লিগ ম্যাচ করে পরদিন কোটান যাবেন সিঙ্গাপুর। ৫ জানুয়ারি ঢাকায় ফিরে ৬ জানুয়ারি বাড়ির উদ্দেশে যাত্রা। ফেরার ব্যাপারে দ্বিধা না রেখে বলে দেন, ‘নো চান্স।’
এতটা অনীহা কেন কোটানের? নিজের মতো করে মাঠ ঠিকঠাক রেখে কিছু করার সুযোগ নেই তাঁর চোখে। সবার মধ্যে ঢিলেঢালা মনোভাব তাঁর ভালো লাগে না। ‘ধরুন মাঠে পানি দেওয়া হচ্ছে, কিছু মাঠের কোথাও কোথাও ভিজবেই না! এই হলো অবস্থা। ভালো ফুটবলের কোনো উপকরণ এ দেশে নেই। তাই আবাহনীর সঙ্গে আমার কোনো সমস্যা না থাকলেও এখানে কাজ করতে আর আগ্রহী নই।’ কোটানের গলা বেশ চওড়া শোনায়।
জাতীয় দলের উদাহরণ টানেন, লোডভিক ডি ক্রুইফের সময় হল্যান্ডে কোচের কাছে ফোন করে দল চূড়ান্ত হতো। কোটান সেটা জানেন, ‘হল্যান্ডে ফোন করে বলা হয়েছে কোচ দিস ইস রাইট ব্যাক, লেফট ব্যাক...এভাবে তো হল্যান্ডে বসে দল গড়তে পারেন না একজন কোচ।’
আবাহনীর মতো দলের মাঠ, ঘাস কাটার মেশিন পর্যন্ত ছিল না। কোটান এসে তা কেনান। নিজে ঘাস কাটেন। রান্নাঘরে ঢুকে রান্নার কাজ পর্যন্ত করেছেন। কিন্তু বিদায়বেলায় তাঁকে ব্যথিত দেখায়। ফিরে যান ১৩ বছর আগে। ২০০৩ সালে বাংলাদেশের সাফজয়ী দলের খেলোয়াড় ও অন্যরা সরকারের কাছ থেকে জমি পেয়েছেন। সেই দলের গর্বিত কোচ জর্জ কোটান কিছু পাননি। সেটি মনে করিয়ে দিয়ে এত বছর পর এসে বলেন, ‘কই, আমি তো কিছু পেলাম না!’ এই আক্ষেপটা তাঁর সম্ভবত সারাজীবনই থেকে যাবে!