৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে শেখ রাসেল। ততক্ষণে অধরা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। কিন্তু শেষ পর্যন্ত জয়টা ‘সোনার হরিণই’ হয়ে রইল শেখ রাসেলের। আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে শেখ রাসেল। এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী, মাত্র ২ পয়েন্ট পেয়ে তলানিতেই রাসেল।
৬৫ মিনিটে সাখাওয়াত রনির গোলে এগিয়ে যায় শেখ রাসেল। গোলের জন্য মরিয়া আবাহনী ম্যাচে ফেরে ৮৪ মিনিটে। মাঝমাঠ থেকে ইমন বাবুর বাড়িয়ে দেওয়া বলে জুয়েল রানার জোরালো শট খুঁজে পায় জাল। বাকি সময়ে চেষ্টা করেও আর কোনো দল গোল করতে পারেনি।
হার এড়াতে পেরে সন্তুষ্ট আবাহনী কোচ জর্জ কোটান, ‘আমি খুশি যে শেষ পর্যন্ত হারিনি। চেষ্টা করেও ছেলেরা একটির বেশি গোল পায়নি। দুর্ভাগ্য আমাদের। আর এটাই ফুটবল।’ জয়ের সুবাস পেয়েও ড্র করায় আফসোস বেড়েছে রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিকের, ‘এই ম্যাচে সৌভাগ্য ধরা দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা ধরে রাখতে পারিনি। তবে ছেলেরা ভালো খেলছে। সিলেটের পবিত্র মাটিতে এসেছি। আশা করি, সামনের ম্যাচে আল্লাহ আমাদের সম্মান রক্ষা করবেন।’