তবু দর্শকের বাঁধভাঙা জোয়ার

ফাইনালটা জমজমাট হয় কি না, সেই শঙ্কাটাই প্রবলভাবেই নিয়ে এল সারা দিনের বৃষ্টি। কিন্তু শেষ বিকেলের দিকে বৃষ্টি থামতেই আশার পালে আবার হাওয়া। প্রতিকূল আবহাওয়া জয় করেই দর্শকস্রোত ফাইনালটাকে দিয়েছে সত্যিকারের ফাইনালের আমেজ।
সন্ধ্যা নাগাদ এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল চারপাশে। হাজার হাজার মানুষ খেলা দেখতে লাইনে দাঁড়িয়ে পুরোনো দিনের কথাই মনে করিয়ে দিয়েছে। বিশাল লাইন নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। অনেক বাধা পেরিয়ে খেলা দেখার আকুলতা যেভাবে দেখাল হাজারো মানুষ, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ১৫০ টাকায় গ্যালারির টিকিট কিনেও কয়েক হাজার জনতা ঢুকতে পারেনি স্টেডিয়ামে।
একসময় ঢাকার মতো এই চট্টগ্রামেও ফুটবল ছিল সাধারণ মানুষের বিনোদনের অন্য নাম। বন্দর নগরীর সেই ফুটবল ঝিমিয়ে পড়লেও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপটা জাগিয়ে দিল আবার। টুর্নামেন্টের শুরুর দিকে দর্শক কম এলেও আস্তে আস্তে বেড়ে গোটা আয়োজনকে সার্থক পরিণতির দিকে নিয়ে যায়। সেমিফাইনালে হাজার কুড়ি দর্শক হয়েছিল, ফাইনালে ঘরের দল চট্টগ্রাম আবাহনী ওঠায় গ্যালারি পরিপূর্ণ হয়ে যাওয়ার আশাটা আরও বেড়ে গিয়েছিল। ব্যতিক্রম কিছু হয়নি। ফাইনালে ৪০ হাজার দর্শকে গ্যালারি টইটম্বুর।
এই ভিড়ে চট্টগ্রামের দূরদূরান্ত থেকে ফুটবলপিপাসু অনেকেই ছিল। জীবনে কখনো এমএ আজিজ স্টেডিয়ামে পা ফেলেনি এমন মুখও অগুনতি। চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্র ওয়াপদা কলোনির বাসিন্দা আশিক ও তানিম কালই প্রথম এলেন নিজের উঠোনে এমন বড় আয়োজনের সাক্ষী হতে। উত্তর আগ্রাবাদের মোহাম্মদ আলী তাঁর ছোট দুই ছেলেকে নিয়ে এলেন। একসময় নিয়মিত খেলা দেখতেন। কাল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কোনোরকমে একটা বাক্যই বলতে পারলেন, ‘চট্টগ্রাম আবাহনীর খেলা দেখাতে এদের নিয়ে এলাম।’
কলকাতা ইস্টবেঙ্গলের কিছু সমর্থক ও দলটির কর্মকর্তাদেরও চোখে পড়ল। ওপার বাংলা থেকে তাঁরাও ফাইনালের উত্তাপ গায়ে মাখতে চট্টগ্রামে এসেছেন। সব মিলিয়ে এর চেয়ে বেশি কিছু চাইতে পারত না আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। মাঠে দর্শক ফেরাতে তাদের এই উদ্যোগটা পুরোপুরিই সফল।
নব্বইয়ের মাঝপথে স্থানীয় আবাহনী-মোহামেডান উৎসবমুখর এক ম্যাচে সমঝোতার ভিত্তিতে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করায় দর্শক হতাশ হয়েছিল। এরপর পাতানো খেলার প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেভাবে আর দর্শক মাঠমুখো হয়নি। বছর কয়েক আগে মেয়র কাপ আন্ত-ওয়ার্ড অনূর্ধ্ব-১৬ সেমিফাইনাল, ফাইনাল ঘিরেও প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের আগ্রহ ছিল অনেক। তবে সব ছাপিয়ে কালই চট্টগ্রামের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেল। ছবিটা ধরে রাখা যাবে তো?