ভুটানে কিংস কাপ ও নেপালে পোখারা কাপে চ্যাম্পিয়ন। ভারতে আইএফএ শিল্ডে রানার্সআপ। এরপর এএফসি কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া—একটু একটু করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব যেন আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের চেনাচ্ছিল।
কিন্তু এএফসি কাপের চূড়ান্ত পর্বে দলটির রঙিন স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবগুলোতেই হার। পয়েন্ট তালিকার তলানিতেই অবস্থান শেখ জামালের, আজ তাদের শেষ হোম ম্যাচ। সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্সের সঙ্গে ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে ফক্স স্পোর্টস।
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই, বাকি দুটি ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট পাওয়ার আশা কোচ শফিকুল ইসলাম মানিকের। আর সেটি পাওয়ার সবচেয়ে বড় সুযোগ তো আজ ঘরের মাঠেই। কিন্তু ১১ জন খেলোয়াড় পাওয়াটাই কঠিন শেখ জামালের জন্য। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ জামালের কোচ বললেন, গুরুত্বপূর্ণ দুই ফরোয়ার্ড ওয়েডসন ও এমেকার চোট নিয়েও তিনি উদ্বিগ্ন।
গ্রুপের শীর্ষে থাকা ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্স। সিঙ্গাপুরে এই রোভার্সের কাছেই ৪-০ গোলে হেরেছিল শেখ জামাল। রোভার্স কোচ সুন্দরম মূর্তি এবারও তুলতে চাইছেন তিনটি পয়েন্ট, ‘শেখ জামাল শুরুর দিকের মতো এখনো সেভাবে গুছিয়ে নিতে পারেনি। জিতেই শীর্ষে উঠতে চাই।’
সেলাঙ্গর এফএর সঙ্গে সর্বশেষ ম্যাচের আগে একাদশ গড়তে পারবেন কি না, তা নিয়েই ভীষণ দুশ্চিন্তা ছিল মানিকের। শেষ মুহূর্তে বিমানে উঠে তাঁর দুশ্চিন্তা দূর করেছিলেন তপু বর্মণ ও জামাল ভূঁইয়া। আজ তো আরও বড় সমস্যা। দুই ভরসা ওয়েডসন ও এমেকা অনুশীলনে চোট পেয়েছেন পায়ে। চোট নিয়েই হয়তো তাঁদের খেলতে হবে। লাল কার্ড নামতে দেবে না ডিফেন্ডার ইয়াসিন খানকে। দুই হলুদ কার্ড নিয়ে জামাল ভূঁইয়াও দর্শক।
আবাহনীর জুয়েল রানা, শেখ রাসেলের মোনায়েম রাজুকে ধার করে নামতে হবে শেখ জামালকে। জোড়াতালির এক দল। তবু হারের আগেই হার মানতে চান না মানিক, ‘এত সমস্যার পরও ১ পয়েন্টের আশা আছে। কারণ ম্যাচটি নিজেদের মাঠে।’