তবু পাঁচ গোলের 'সান্ত্বনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার আর কী করার ছিল! মাটির দিকে তাকিয়ে বাংলাদেশের গোলরক্ষক সোহেল l ফিফা
আমার আর কী করার ছিল! মাটির দিকে তাকিয়ে বাংলাদেশের গোলরক্ষক সোহেল l ফিফা

২৯ মিনিটেই ৪ গোল। অস্ট্রেলিয়ার এই গোলবৃষ্টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা নিয়ে একটা ভয়ই হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রতাপশালী প্রতিপক্ষকে ৫ গোলের বেশি করতে দেয়নি বাংলাদেশ। চাইলে এটিকে ‘কৃতিত্ব’ বলা যেতে পারে। তবে স্কোরলাইনে যে অঙ্কটা বসিয়েছে অস্ট্রেলিয়া, তাতেই প্রতিফলিত দুই দলের প্রকৃত ব্যবধান।
অস্ট্রেলিয়ার ফুটবল মাঠে পা রেখে বাংলাদেশ দল আসলে নিজেদের আবিষ্কার করেছে নতুনভাবে। যেখানে কঠিন এক বাস্তবতাই ঘিরে ধরেছে ম্যাচের প্রথম মিনিট থেকে। ছোট ছোট পাসে অস্ট্রেলিয়ানরা যেভাবে খেলাটা শুরু করল তাতে বাংলাদেশের খেলোয়াড়েরা পড়ে গেলেন ধাঁধায়।
চারবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নও। পার্থের মাটিতে খেলতে নামল ১০ বছর পর। তার ওপর বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে কিরগিজস্তানে স্বরূপটা চেনাতে পারেনি, জিতেছে ২-১ গোলে। তাই গোলের নেশায় এদিন শুরু থেকেই সকারুদের ছিল রুদ্রমূর্তি।

>বিশ্বকাপ বাছাই: অস্ট্রেলিয়া ৫: ০ বাংলাদেশ

উচ্চতা, শক্তি, টেকনিক—সবকিছুতেই অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়া খেলছিল বাংলাদেশের বক্সের সামনেই। ১০ জনে রক্ষণ নেমেও সুবিধা করতে পারছিল না বাংলাদেশ। পাস খেলতে খেলতে কখনো ডান প্রান্ত, কখনো বা বাঁ প্রান্ত, কখনো মাঝখানের ফাঁকা জমি ব্যবহার করে দ্রুতগতিতে ঢুকছিলেন টম রজিকরা। পাসের রাস্তাগুলো বন্ধ করতে পারেনি বাংলাদেশ। কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছিলেন, ৮০-৮৫ শতাংশ রক্ষণ সংগঠনেই মনোযোগ থাকবে তাঁর দলের। কার্যত রক্ষণ করতে হলো আরও বেশি।
২৯ মিনিটের মধ্যে খুব সহজেই ৪টি গোল পেয়ে গেছে স্বাগতিক দল। ৬ মিনিটে বল দেওয়ার-নেওয়ার পরিণতি দিলেন ম্যাথু লেকি—ডান পাশ থেকে বল পেয়ে জড়িয়ে দিলেন জালে। ৮ মিনিটে দ্বিতীয় গোল, প্রথম গোলের পর ঠিকমতো শ্বাসও নিতে পারেনি বাংলাদেশ দল—সেল্টিকের টম রজিকের প্লেসিং। অস্ট্রেলিয়ানরা এই সময় যেন ভিডিও গেমের একেকটি চরিত্র, খেলে যাচ্ছে ছকে বাঁধা ফুটবল।
অবিরাম পাস খেলে ১৯ মিনিটে ৩-০। রজিকের গড়ানো শট জালে, তবে ভিয়েতনামের রেফারি দিয়েছেন আত্মঘাতী গোল (তপুর পায়ে লেগেছে)। আক্রমণে এতটুকু ক্ষান্তি না দিয়ে ২৮ মিনিটে অস্ট্রেলিয়ার চতুর্থ গোল, গোলরক্ষক সোহেলের হাত ফসকে গেলে আলতো টোকায় এফসি টোকিওর ফরোয়ার্ড নাথান বার্নসের লক্ষ্যভেদে ৪-০।
প্রথমার্থে আর গোল না হওয়া বাংলাদেশের জন্য ছিল স্বস্তিদায়ক। তবে ৬০ মিনিটে আবার গোল, এবার বক্সের বাইরে থেকে অ্যারন মুইয়ের জোরালো শট গেল গোলের ঠিকানায়। পঞ্চম গোলের পরপরই মাঠে আসেন টিম কাহিল—অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তারকা। তাঁকে গোল করতে না দেওয়ার তৃপ্তি খুঁজে পেতে পারেন সোহেলরা। তবে বড় তৃপ্তিটা এটাই যে, ৬০ মিনিটের পর আর গোল করতে পারেনি অস্ট্রেলিয়া।
অনুমিতভাবেই গোটা ম্যাচে ঝড়টা গেছে গোলরক্ষক সোহেলের ওপর দিয়েই। সেই ঝড়ের মুখে তিনি পাঁচটা গোল খেলেও দারুণ কিছু সেভও করেছেন। ঘর সামলে দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার সীমানায় দুই-তিনবার বল নিয়ে গেছেন মামুনুলরা। একটা ফ্রি-কিকও পেয়েছেন, তবে মোনায়েম রাজুর এলোমেলো ফ্রি-কিক যায় অনেক বাইরে। এক-দুবার বল ধরা ছাড়া বাকি সময়টা কোমরে হাত দিয়েই দলের খেলা দেখেছেন অস্ট্রেলিয়ার গোলক্ষক অ্যাডাম ফেডেরিক।
ম্যাচে অস্ট্রেলিয়ার বল পজেশন ৮১ শতাংশ। ৫০০ পাস খেলেছে তারা ৫৮ মিনিটের মধ্যেই, যেখানে ওই সময়ে বাংলাদেশের পাস ১১৩টি। বাংলাদেশ দল বক্সের আশপাশে ফ্রি-কিক দিয়েছে মাত্র একটি, যা একটি ‘উন্নতির’ চিহ্ন।
২০ হাজার দর্শকে ঠাসা পার্থ ওভালে অনেক বাংলাদেশি ছিলেন, তাঁরা এমন হারের মধ্যেও আনন্দ করে গেছেন ম্যাচজুড়ে। তবে টিভি পর্দায় বার কয়েক ভেসে উঠেছে ডি ক্রুইফের মলিন মুখটা, নিষেধাজ্ঞা তাঁকে ডাগ-আউটে বসতে দেয়নি। তবে ২৯ মিনিটেই ৪ গোলের কথা ভাবলে শেষ পর্যন্ত ৫ গোল হজম তাঁকে হয়তো অখুশি করবে না!
বাংলাদেশ দল: সোহেল, তপু, নাসির (ইয়ামিন), ইয়াসিন, লিংকন, জামাল, মামুনুল, হেমন্ত (মোনায়েম রাজু), জুয়েল রানা, এনামুল (কোমল), এমিলি।