তবু প্রথম সারির টুর্নামেন্ট
বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে, এটা জানাই ছিল। বাফুফে এত দিন বলে আসছিল, বাকি চারটি দেশই তাদের জাতীয় দল পাঠাবে। কিন্তু তা আর হচ্ছে কই! সিঙ্গাপুরও অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে বলে জানায় দিন দুয়েক আগে। মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকেও গতকাল মিলল একই খবর। অর্থাৎ বঙ্গবন্ধু কাপে এই দুটি দেশও পাঠাচ্ছে অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল।
ছয় দেশের আয়োজনে চারটিই অনূর্ধ্ব-২৩, বাংলাদেশ ও শ্রীলঙ্কাই শুধু জাতীয় দল। তার পরও এটি পাচ্ছে ফিফার ‘এ’ টায়ার অর্থাৎ প্রথম সারির আন্তর্জাতিক টুর্নামেন্টের মর্যাদা! টুর্নামেন্টের নয়টি ম্যাচই তাই ফিফার আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে বলে কাল বাফুফেকে জানিয়ে দিয়েছে ফিফা।
শ্রীলঙ্কাতেই রক্ষা
শ্রীলঙ্কাও বয়সভিত্তিক দল পাঠালে এটি ফিফার প্রথম শ্রেণিভুক্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো না। ফিফার এ-সংক্রান্ত বিধিমালার ৭ নম্বর ধারায় রয়েছে, কোনো টুর্নামেন্টে অন্তত একটি ম্যাচে দুটি জাতীয় দল খেললে সেটি ‘এ’ শ্রেণির তালিকায় পড়বে। যেহেতু বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দল খেলছে এবং এই দুই দল মুখোমুখি হওয়াও নিশ্চিত (গ্রুপপর্বে), কাজেই টুর্নামেন্টটি প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করছে।
কিন্তু চারটি দেশ অলিম্পিক দল পাঠাচ্ছে কেন? এটা একটা প্রশ্ন। বাফুফের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তাদের ধারণা, মার্চে অলিম্পিক বাছাইপর্বে প্রতিটি দেশেরই অনূর্ধ্ব-২৩ দলের খেলা আছে। সেটিরই একটি প্রস্তুতি হিসেবে অলিম্পিক দল পাঠানো।
স্বাগতিক দলের জন্য এটিকে সুবিধাই বলছেন অনেকে। তাঁদের বক্তব্য, বাংলাদেশের এখন আরও ভালো করার লক্ষ্য থাকা উচিত। এমনিতে মালয়েশিয়াকে গ্রুপের শীর্ষস্থানে রেখে রানার্সআপ হয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠাই বাস্তবসম্মত মনে করা হচ্ছিল। কিন্তু মালয়েশিয়াও অলিম্পিক দল পাঠানোর ঘোষণায় এখন কেউ কেউ মালয়েশিয়ার বিপক্ষেও বাংলাদেশের জয় দেখছেন। এমনকি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না! এত বড় প্রত্যাশার ভিত্তি হলো, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার মাটিতে তাদের সঙ্গে ২-২ গোলে বাংলাদেশের ড্র। এখন ঘরের মাঠে সে দেশের দ্বিতীয় দলকে হারানোর স্বপ্ন বাড়াবাড়ি কেন হবে?
শনিবারই অনুশীলনে ডি ক্রুইফ
আগামীকাল মধ্যরাতে ঢাকায় আসছেন লোডভিক ডি ক্রুইফ। শনিবারই তিনি বিকেএসপি গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এই ডাচ কোচকে নিয়ে কিছুদিন ধরে চলমান নানা নাটকীয়তার আপাত-অবসান হচ্ছে। সদ্য প্রয়াত বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে আসছেন তিনি। তবে বাংলাদেশ দলের বিদায়ী এই কোচ আসছেন শুধুই বঙ্গবন্ধু কাপের জন্য। এটি শেষ করেই তাঁর ফিরে যাওয়ার কথা।
নিরাপত্তাশঙ্কার মধ্যেই টুর্নামেন্ট
সারা দেশে চলমান অবরোধ-হরতালের মধ্যে এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করা সহজ নয়। তার পরও প্রস্তুতি এগিয়ে চলেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও সেটি টুর্নামেন্ট আয়োজনে বাধা হবে না বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের।
টুর্নামেন্টের নিরাপত্তা কমিটি ঢাকায় আজ প্রথম সভায় বসছে। এখানেই ঠিক হবে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এমনিতে বাফুফে সভাপতি জানিয়েছেন, বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান টুর্নামেন্টের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান। আনুষ্ঠানিক সভার আগে তিনি বিস্তারিত বলতে রাজি নন। তবে জানা গেছে, স্টেডিয়াম, অনুশীলন ভেন্যু, হোটেলসহ প্রয়োজনীয় সব স্থানেই কঠোর নিরাপত্তা থাকবে।
সিলেটে স্থানীয়ভাবে এখন পর্যন্ত দুটি নিরাপত্তাবিষয়ক সভা হয়েছে। সবকিছু ঠিকঠাই আছে বলে বাফুফেকে আশ্বস্ত করেছেন সিলেটের আয়োজকেরা। বিদেশি দলগুলোও এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ জানায়নি বলে দাবি করেছে বাফুফে।