তবু প্রাণবন্ত দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের খেলা গ্যালারিতে বসে দেখার সুযোগ কি রোজ রোজ আসে! তীব্র শীত উপেক্ষা করে তাই শাহিন উদ্দীন সকাল নয়টায় চুয়াডাঙ্গা থেকে দুই ঘণ্টার বাসযাত্রায় এসে দুপুর ১২টায় শামস-উল-হুদা স্টেডিয়ামের গ্যালারিতে জায়গা নিলেন। যত কষ্টই হোক, বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ মাঠে বসে দেখার আনন্দটুকু কোনো কিছুর বিনিময়েই ছাড়তে রাজি ছিলেন না।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের এই ছাত্রের সঙ্গে কথা হচ্ছিল পৌর পার্ক উত্তর গ্যালারিতে। মাঠের এই অংশটাই ছিল দর্শকে ঠাসা। শুধু শাহিন নন, তাঁর মতো অনেকেই খেলা শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে এসেছেন, গ্যালারিতে বসে নির্বিঘ্নে খেলা দেখেছেন। ২০১৪ সালে যশোরের এই মাঠেই কালকের দুই দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এই টুর্নামেন্টের প্রথম দিনটা অন্তত দারুণভাবে পারল করলেন আয়োজকেরা। আয়োজকদের ব্যবস্থাপনায় দর্শকেরা বেশ খুশি। শাহিন যেমনটি বললেন, ‘গতবার নানা বিশৃঙ্খলা ছিল। এবার তেমনটি হয়নি। অনায়াসে টিকিট পাওয়া গেছে। নিরাপত্তাব্যবস্থাটাও চোখে পড়ার মতো।’
সেবার মাঠে ছিল উপচে পড়া দর্শক। ১২ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে এবার হাজার দশেক দর্শক ছিল বলে আয়োজক কমিটির সদস্য যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর দাবি। আগের চেয়ে দর্শক কম কেন—এই প্রশ্নে তাঁর উত্তর, ‘স্বল্প সময়ে টিকিট ছাড়ার কারণে প্রথম দিকে দর্শক কম এসেছে। খেলা শুরুর আধা ঘণ্টার মধ্যে স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হয়। তখন আগন্তুক দর্শকেরা বিনা টিকিটেই খেলা উপভোগ করেছেন।’ দর্শকদের উপভোগ ষোলো আনাই হয়েছে বলা যায়, কারণ বাংলাদেশ বড় জয়ে শুভসূচনা করেছে টুর্নামেন্টে।