তবু ফুটবলেই থাকতে চান কামরুল
ফল ঘোষণার পর ঘণ্টা খানেক হোটেলের লবিতে বিষণ্ন মুখে বসে রইলেন কামরুল আশরাফ। তবে ক্রীড়াঙ্গনের রাজনীতিতে নবাগত এই সংগঠক হারটাকে ইতিবাচকভাবেই নিয়েছেন। কাল হারের পর বললেন, ‘সুষ্ঠু নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনেই হার-জিত আছে। এই হারও আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। আমি ফুটবলের উন্নয়নে সব সময় থাকব। আমি আগেও বলেছি, এখনো বলছি, ফুটবল ফেডারেশনের যে-কেউ আমার সাহায্য চাইলে আমি করব। আমি ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতা করব। অর্থসংকট দূর করার ক্ষেত্রে আমার সাহায্য থাকবে। ’
গলায় ফুলের মালা নিয়ে পুনর্নির্বাচিত সহসভাপতি বাদল রায় লবিতে এসেই ভোটারদের প্রতি জানালেন তাঁর কৃতজ্ঞতা, ‘বেশ কিছুদিন ধরেই নির্বাচন নিয়ে চাপ ছিল। আজ যেহেতু নির্বাচন হয়ে গেল, ডেলিগেটদের ধন্যবাদ যে আমাদের নির্বাচিত করেছেন। সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা যে ডেলিগেটরা সঠিক রায় দিয়েছেন। আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন কাউন্সিলররা। কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হওয়ায় ফুটবলই উপকৃত হয়েছে।’ একই সুরে কথা বললেন সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘আমরা যে এখনো প্রকৃত সংগঠকদের ওপর আস্থা রাখতে পারছি, এটাই এই নির্বাচনের বড় জয়। একজন অপরিচিত লোক আসবে কিন্তু এটা ভালো হবে না খারাপ হবে কেউ জানে না। এটা প্রত্যাশিতও ছিল না। আমরা আবারও পুরোনো সংগঠকদের পেয়েছি। এটার সুদিক আছে। আমাদের প্রত্যাশা এখন অনেক বেড়ে গেছে।’ তবে অতীতের ভুলগুলো শোধরানোর কথাও বললেন, ‘যে ভুলগুলো হয়েছে এগুলো যেন আর না হয় সেটা দেখতে হবে। বিশেষ করে জেলায় জেলায় এবং তৃণমূলে ফুটবল নিয়ে যেতে হবে।’