তবু মেসিনির্ভর নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার জয়সূচক গোলটির স্কোরার অবশ্য পরিচিতই—লিওনেল মেসি l রয়টার্স
আর্জেন্টিনার জয়সূচক গোলটির স্কোরার অবশ্য পরিচিতই—লিওনেল মেসি l রয়টার্স

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ছয়টি ম্যাচে লিওনেল মেসি দলে ছিলেন। তাতে আর্জেন্টিনা পেয়েছে ১৫ পয়েন্ট। চোটাঘাতের কারণে বাকি যে সাতটি ম্যাচে ছিলেন না মেসি, তাতে আর্জেন্টিনার অর্জন ৭ পয়েন্ট! তবুও আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা বলছেন, আর্জেন্টিনা মেসিনির্ভর দল নয়!
দুইয়ে দুইয়ে মিলছে না তো? কথাটা বাউজা বলেছেন গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে চিলির সঙ্গে ম্যাচের পর। মেসির পেনাল্টিতেই ম্যাচটা ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। যে জয়ে বাছাইপর্বের সেরা চারে থেকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে যাওয়ার স্বপ্নও উজ্জ্বল হয়েছে আলবিসেলেস্তেদের। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আর্জেন্টিনা।
তবু বাউজার মনে হচ্ছে, আর্জেন্টিনার ভরসা শুধুই মেসি নন। দলের কোচ তিনি, সংবাদ সম্মেলনে ‘ব্যক্তির চেয়ে দল বড়’ মন্ত্রটাই তুলে ধরতে চাইলেন, ‘আমার মনে হয় না দলটা মেসিনির্ভর। ও (মেসি) ভালো একটা ম্যাচ খেলেছে। তবে এখনো আমাদের অনেক কাজ করতে হবে, উন্নতি আনতে হবে।’
কথাটা হয়তো ঠিক। বিশেষ করে গতকাল আর্জেন্টিনা যা খেলেছে, সেটি এককথায় ‘বাজে ফুটবল’। রিভারপ্লেট স্টেডিয়ামের হতশ্রী পিচে দুই দল ৯০ মিনিটের ফুটবল-যন্ত্রণাই উপহার দিয়েছে নিরপেক্ষ দর্শকদের। আর্জেন্টিনার হয়ে যা একটু আলো ছড়িয়েছেন মেসি আর মাচেরানো। আর চিলি তো যেন শেষ আধা ঘণ্টার আগে টেরই পায়নি বিশ্বকাপ বাছাইপর্বের একটা ম্যাচ খেলতে এসেছে তারা।
ভুলে যাওয়ার মতো ম্যাচে পার্থক্য গড়েছে মেসির পেনাল্টিটি। ১৬ মিনিটে বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, সেটি থেকে দেশের জার্সিতে নিজের ৫৮তম গোলটি করেন মেসি। এর আগে-পরে ম্যাচে আর্জেন্টিনার সুযোগ বলতে প্রথমার্ধের শেষ দিকে পোস্টের দুই-তিন গজ দূর থেকে নিকোলাস ওটামেন্দির মিস; আর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েও চিলির বলার মতো সুযোগ বলতে অ্যালেক্সিস সানচেজের একটা ফ্রিকিকে বার কেঁপে ওঠা। ম্যাচের সাত মিনিটে অবশ্য অফসাইডের কারণে তাদের একটা গোল বাতিল হয়।
কষ্টার্জিত হলেও জয়টা যে এসেছে, এতেই স্বস্তিতে বাউজা। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমি খুশি, কারণ ম্যাচটা যেমন হবে ভেবেছিলাম, সেভাবেই হয়েছে। চিলির মতো দুর্দান্ত একটা দলকে রুখে দিয়েছি। যদিও বল হারানোর পর সেটা ঠিকমতো পুনর্দখলে নিতে পারিনি। শেষ ১৫ মিনিট তো বল পাইনি বললেই চলে। তবে সব মিলিয়ে ম্যাচটা আমাদের খারাপ কাটেনি।’
আর্জেন্টিনার সমর্থকেরা কি একমত তাঁর সঙ্গে? রয়টার্স, গোলডটকম।

পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ব্রাজিল ১৩ ৯ ৩ ১ ৩২/১০ ৩০
উরুগুয়ে ১৩ ৭ ২ ৪ ২৫/১৫ ২৩
আর্জেন্টিনা ১৩ ৬ ৪ ৩ ১৫/১২ ২২
কলম্বিয়া ১৩ ৬ ৩ ৪ ১৬/১৫ ২১
ইকুয়েডর ১৩ ৬ ২ ৫ ২৩/১৮ ২০
চিলি ১৩ ৬ ২ ৫ ২১/১৮ ২০
প্যারাগুয়ে ১৩ ৫ ৩ ৫ ১৩/১৮ ১৮
পেরু ১৩ ৪ ৩ ৬ ২০/২২ ১৫
বলিভিয়া ১৩ ২ ১ ১০ ১০/৩২ ৭
ভেনেজুয়েলা ১৩ ১ ৩ ৯ ১৬/৩১ ৬