তবু রোমাঞ্চ-জাগানিয়া ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহারণের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সবার আগে চোখে পড়লেন দুই দলের দুই প্রাণভোমরা রোনালদো ও মেসি l ছবি: রিয়াল ও বার্সার ওয়েবসাইট
মহারণের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সবার আগে চোখে পড়লেন দুই দলের দুই প্রাণভোমরা রোনালদো ও মেসি l ছবি: রিয়াল ও বার্সার ওয়েবসাইট

আজ থেকে চল্লিশ বছর পরের কথা। দুই প্রবীণ নাতিপুতিদের নিয়ে বসেছেন টিভির সামনে। একটু পরে শুরু হবে এল ক্লাসিকো, সবাই অপেক্ষায়। তাঁরা গল্পের ঝুলি খুলে দিলেন, ‘একসময় আমাদের দেখার জন্য মানুষ এ রকম ধৈর্য ধরে বসে থাকত। বছরজুড়ে অপেক্ষায় থাকত কখন দুই দলের খেলা হবে।’

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এসব গল্পই শোনাবেন পরের প্রজন্মকে। এই প্রজন্মের দর্শকেরাও কি শোনাবে না? একেকটা এল ক্লাসিকোর আগে এমন দুকূল উপচানো রোমাঞ্চ তো মেসি-রোনালদোর যুগেই সবাই দেখেছে। আর দুই দলের কাছে সেই রোমাঞ্চটা হয়ে যায় স্নায়ুচাপ। কিন্তু আজ আরেকটি মহাপ্রতীক্ষিত দ্বৈরথের আগে রোমাঞ্চ-শিহরণের হাওয়ায় চাপা আতঙ্কও আছে।

প্যারিসে সন্ত্রাসী হামলার পর গোটা ইউরোপই সন্ত্রস্ত, সেটির আঁচ এল ক্লাসিকোতে ভালোমতোই লাগছে। মাদ্রিদজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, বলা হচ্ছে কোনো ক্রীড়া আয়োজনে এমনটা কখনো দেখেনি স্পেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বার্নাব্যুর ৮০ হাজার দর্শক রেফারির বাঁশি বাজতেই ভুলে যাবেন সবকিছু। পরের ৯০ মিনিটের গল্প যে অনেক দিন করা যাবে!

সেই গল্পটা একজন না থাকলে একটু আলুনি লাগতে পারে। আজকের ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, লিওনেল মেসি কি থাকবেন? গত সেপ্টেম্বরে লাস পালমাসের সঙ্গে চোটের পর আর মাঠে নামেননি। এরই মধ্যে দলের হয়ে অবশ্য অনুশীলন করেছেন। ইনিয়েস্তা, সুয়ারেজরা সবাই বলছেন মেসি ফেরার জন্য প্রস্তুত। কিন্তু কোচ লুইস এনরিকে কি মেসিকে প্রথম একাদশে নামাবেন? নাকি ঝুঁকি না নিয়ে বদলি হিসেবেই খেলাবেন?

তবে আর যা-ই হোক, এই ম্যাচে দর্শক হয়ে থাকতে হলে মেসির হৃদয়ে রক্তক্ষরণ হবে। এর আগে কবে এল ক্লাসিকো মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে, সেটি হয়তো নিজেও ভুলে গেছেন। ২০০৭ সালের ডিসেম্বরে চোটের জন্য খেলতে পারেননি, ম্যাচটি রিয়াল জিতেছিল ১-০ গোলে। মেসি নিশ্চয়ই সেটির পুনরাবৃত্তি চাইবেন না।

‘এমএসএন’ ত্রয়ীর বাকি দুজন অবশ্য বার্তা দিচ্ছেন, মেসিকে নিয়ে তাড়াহুড়োর দরকার নেই। নেইমার-সুয়ারেজের যুগলবন্দী এনরিকের জন্য একঝলক স্বস্তির বাতাস হয়ে এসেছে। লা লিগায় বার্সেলোনার গত ১৭টি গোলই এসেছে দুজনের পা থেকে। এ মুহূর্তে লা লিগার সবচেয়ে বেশি গোলও দুজনের। এবার বেল-বেনজেমা-রোনালদোর ‘বিবিসি’ যে এমএসএনের কাছে ম্লান হয়ে গেছে, সে এই দুজনের জন্যই। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলে এমএসএনের ২৮ গোলের চেয়ে ছয়টি কম করেছে বিবিসি!

এমএসএনের এক ফলাকে নিয়ে যেমন, বিবিসিরও একজনকে নিয়ে সংশয়। করিম বেনজেমা ইদানীং মাঠের বাইরের কারণেই বেশি আলোচনায়। ফ্রান্স-সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ‘ফাঁসানোর’ অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আজ অবশ্য চোট কাটিয়ে মাঠে নামতে পারেন কি না সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। গোল করার গুরুদায়িত্ব সে ক্ষেত্রে রোনালদোর ওপরেই বর্তাবে। কিন্তু সেই কাজটা করতে গিয়ে গত কিছুদিনে যেন একটু খেই হারিয়ে ফেলছেন। রিয়ালের হয়ে গত ৭ ম্যাচে ৩ গোল তো রোনালদোর নামের পাশে যায় না। আরেক ফলা গ্যারেথ বেলও চোট কাটিয়ে এখনো স্বরূপে ফিরতে পারেননি।

রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজের ওপর তাই অনেক চাপ। এ মুহূর্তে লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৩ পয়েন্টে। আজ হেরে গেলে শিরোপাস্বপ্ন আরেকটু রং হারাবে। কার্লো আনচেলত্তির বিদায় কীভাবে হয়েছে-সেটি বেনিতেজের অজানা নিশ্চয়ই নয়!
লড়াইয়ের আগে

দ্বিতীয় হতে আমি পছন্দ করি না, এখন আমাদের সামনে সেটা ঠিক করার সুযোগ

রাফায়েল বেনিতেজ

রিয়াল মাদ্রিদ কোচ

ফলাফল যা-ই হোক না কেন, এই ম্যাচ কোনো কিছু ঠিক করে দেবে না

লুইস এনরিকে

বার্সেলোনা কোচ

আজ আরেকটি এল ক্লাসিকো

সব প্রতিযোগিতায়           ৯২        ৮৯      ৪৮

লা লিগা                       ৭১        ৬৭      ৩২

চ্যাম্পিয়নস লিগ              ৩          ২        ৩

কোপা ডেল রে               ১২        ১৪       ৭

স্প্যানিশ সুপার কাপ        ১২         ৬        ৪

অন্যান্য                        ০          ২        ৪

রাফায়েল বেনিতেজের অধীনে নিজেদের মাঠে এখনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ, খেয়েছে মাত্র ১ গোল

বার্সেলোনার হয়ে লা লিগার গত ১৭টি গোলের সব কটিই করেছেন নেইমার-সুয়ারেজ

২০১০ সালের পর থেকে এল ক্লাসিকোয় কোনো দলই গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি

রিয়াল-বার্সেলোনা দুই

দলের হয়ে এল ক্লাসিকো খেলেছেন এমন ফুটবলার ৩৩ জন। এই দলে আছেন বর্তমান বার্সা কোচ লুইস এনরিকেও, খেলেছেন সবচেয়ে বেশি, ২৯টি এল ক্লাসিকো।

২১

সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির

৬

টানা সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর

২

দুটি করে হ্যাটট্রিক আছে লিওনেল মেসি ও ফেরেঙ্ক পুসকাসের

১৩

সবচেয়ে বেশি গোল করিয়েছেন মেসি

৪২

সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জাভি (বার্সেলোনা), ম্যানুয়েল সানচিস, ফ্রান্সিসকো জেন্টো (রিয়াল মাদ্রিদ)