তবু লিভারপুল-ইউনাইটেড
ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের ধারেকাছেও নেই আর কোনোটি। দুই দলের ১২০ বছরের পুরোনো দ্বৈরথ ইংল্যান্ডে কম উত্তাপ তো ছড়ায়নি। তবে আজকের লড়াইয়ের আগে পুরোনো সেই ঝাঁজ, সেই পারদ চড়ানো উত্তেজনা অনেকটাই অনুপস্থিত! দুই দলই শিরোপাদৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ইউনাইটেড তাও শীর্ষ তিনে থেকে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছে, লিভারপুলের অবস্থা তথৈবচ। লিগে তারা নবম স্থানে, গত সপ্তাহে বাদ পড়ে গেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে। কোচ ব্রেন্ডন রজার্সের চাকরি নিয়েই এখন টানাটানি।
ওল্ড ট্রাফোর্ডে আজকের এই ম্যাচের আগে কোথায় কথার বাণে প্রতিপক্ষকে জেরবার করে দেবেন, ইউনাইটেড কোচ লুই ফন গালের কণ্ঠে বিস্ময়করভাবে সহানুভূতির সুর, ‘শেষ কয়েকটা ম্যাচে ভাগ্য লিভারপুলের পক্ষে ছিল না। তবে ম্যানেজার হিসেবে এসব আপনাকে সামাল দিতে হবে। চোটজর্জর দল নিয়েই কিন্তু আমরা গত পাঁচ ম্যাচ জিতেছি।’ নতুন ক্লাবের দায়িত্বে এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে লিভারপুলের মুখোমুখি হচ্ছেন ফন গাল। ইউনাইটেডের ডাচ কোচ ম্যাচটার গুরুত্ব ভালোই বোঝেন, ‘অবশ্যই দ্বৈরথটার গুরুত্ব সম্পর্কে আমি সচেতন। এমনকি প্রাকমৌসুম সফরে যুক্তরাষ্ট্রে গিয়েও আমার স্টাফরা এটা আমাকে বলছিল।’ ও হ্যাঁ, সেবার একটা প্রীতি ম্যাচ খেলেছিল দুই দল। তাতে ইউনাইটেড জিতেছিল ৩-১ গোলে।
রজার্স অবশ্য যতটা না প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত, তার চেয়েও বেশি উদ্বিগ্ন নিজেদের নিয়ে, ‘যা হচ্ছে সেটা বদলানোর জন্য আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলেই আমরা আত্মবিশ্বাস ফিরে পাব, আর জয় পেলেই কেবল সেটা সম্ভব।’ একটা সুখবর অবশ্য পাচ্ছেন রজার্স, চোট কাটিয়ে দলে ফিরেছেন খ্যাপাটে স্ট্রাইকার মারিও বালোতেল্লি। অন্যদিকে ফন গালের জন্য দুঃসংবাদ, চোটের জন্য অ্যাঙ্গেল ডি মারিয়া আজও নামতে পারছেন না। তবে দলে ফিরেছেন ফিল জোন্স ও রাফায়েল।
যতই চোট হানা দিক দুই শিবিরে, যতই খারাপ সময় যাক, দুই কোচই চাইবেন গ্যারি নেভিলকে একটা জবাব দিতে। সাবেক ইউনাইটেড ডিফেন্ডার যে আজকের ম্যাচটাকে ‘পাড়ার দলের ম্যাচ’ বলেছেন! এএফপি।