তবু লোপেজের লক্ষ্য জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অধিনায়ক মামুনুলের অনুপস্থিতিতে কাল সংবাদ সম্মেলনে কোচ ফাবিও লোপেজের সঙ্গী মিডফিল্ডার জামাল ভূঁইয়া। শামসুল হক
অধিনায়ক মামুনুলের অনুপস্থিতিতে কাল সংবাদ সম্মেলনে কোচ ফাবিও লোপেজের সঙ্গী মিডফিল্ডার জামাল ভূঁইয়া। শামসুল হক
ফিফা র্যা ঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১২০ ধাপ! অস্ট্রেলিয়া ৬০, বাংলাদেশ ১৮০। ইতিহাস-ঐতিহ্য, সাফল্যের বিচারে দুটি দল র্যাঙ্কিংয়ের ব্যবধানের মতোই দূরত্বে দাঁড়িয়ে। ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের প্রথম সাক্ষাতে বাংলাদেশ উড়ে গেছে ৫-০ গোলে। চারবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া আজ ফিরতি ম্যাচেও চাইবে দাপুটে জয়। বিস্ময়কর শোনালেও বাংলাদেশ কোচ ফাবিও লোপেজের লক্ষ্যও জয়! অবশ্য ফুটবল মাঠে গড়ানোর আগেই নায়কের আসনে বসে গেছে ‘কঠোর নিরাপত্তা’। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৫টায় শুরু খেলাটাই নাহয় সবার মন রাঙিয়ে দিক

‘আপনার অধিনায়ক কই?’
সংবাদ সম্মেলনটা শুরুই হলো ঝাঁজালো এই প্রশ্নটি দিয়ে। কোচ ফাবিও লোপেজের নীরস উত্তর, ‘আই ডোন্ট নো।’
পরদিন অর্থাৎ আজ অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাটিতে বাংলাদেশের বহুল আলোচিত ম্যাচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেই অধিনায়ক মামুনুল ইসলাম! কোচের সঙ্গী মিডফিল্ডার জামাল ভূঁইয়া। মজাটা হলো, অধিনায়কসহ শেখ জামালের ১০ জন খেলোয়াড় তখন জাতীয় দলের ক্যাম্পের বাইরে। শেখ জামাল নিজেদের এক অনুষ্ঠানে নিয়ে গেছে ওই খেলোয়াড়দের!
নাটক আর কাকে বলে! বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে এমনিতেই কিছুদিন ধরে নিরাপত্তার বজ্র আঁটুনিই সর্বোচ্চ আলোচনায়। নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে ফুটবল ভবনে কাল সংবাদ সম্মেলনে কথা বললেন বাফুফে সদস্য, এএফসির নিরাপত্তা কর্মকর্তা ও ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান। জানালেন, চার বছর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচেও এমন নিরাপত্তা দেওয়া হয়েছিল। পার্থক্য হলো সেবার নিরাপত্তা নিয়ে এত শোরগোল ওঠেনি।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচের ফুটবলীয় আবেদনকে পিছু হটিয়ে দিয়েছে ওই নিরাপত্তা। আড়াই ঘণ্টা পিছিয়ে খেলোয়াড়–কর্মকর্তাসহ ৪৪ সদস্যের অস্ট্রেলিয়া দল কাল ঢাকায় পা রেখেছে রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া মানেই একপেশে এক ম্যাচের পূর্বাভাস। যেখানে ম্যাচের ফলটা আগেই নির্ধারিত! ব্যবধানই বরং তর্কের বিষয়। পার্থে দুই দলের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৫-০ গোলে। সে ম্যাচে ৮০ শতাংশের ওপরে বল দখলে রেখে সকারুরা গিলে খেয়েছিল বাংলাদেশ দলকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৫টায় শুরু ম্যাচটিতেও থাকছে একই শঙ্কা।
এ জন্যই ম্যাচের আগে আরও একাত্ম থাকা দরকার ছিল বাংলাদেশ দলের। সদ্যই তাজিকিস্তান থেকে ৫ গোল খেয়ে খেলোয়াড়েরা আবার মানসিকভাবে বিধ্বস্ত। আর এমন সময় কিনা জাতীয় দলে নিজেদের খেলোয়াড়দের নিয়ে নাটক করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সবচেয়ে আশ্চর্যের, ওই খেলোয়াড়দের দুপুরে নিয়ে যাওয়ার পর বিকেলের অনুশীলনের শুরু থেকে তাঁরা থাকলেন না।
লোপেজ ক্ষুব্ধ, ‘অবশ্যই এ ধরনের ঘটনা দলের জন্য ক্ষতিকর।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ একসঙ্গে চার-পাঁচজন সাংবাদিকের তোপের মুখে আত্মসমর্পণই করলেন, ‘খেলোয়াড়দের আমরা অনুমতি দিইনি। কে দিল জানি না। ওরা (শেখ জামাল) টিম হোটেলে গাড়ি পাঠিয়ে খেলোয়াড়দের নিয়ে গেছে।’ প্রশ্নের উত্তরে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও অসহায়, ‘আমি কিছু জানি না।’ কোচের সংযোজন, ‘আমার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ফোনে ধরা হলে ক্ষুব্ধ কণ্ঠই শোনা গেল, ‘ওরা আমাদের সম্মতি ছাড়াই খেলোয়াড় নিয়েছে।’
তাহলে বাফুফে বড় না শেখ জামাল বড়? বাফুফে সাধারণ সম্পাদক শেখ জামালকেই ওপরে রাখলেন। এ নিয়ে শোরগোল ওঠায় সংবাদ সম্মেলনটা একপর্যায়ে থামিয়ে দিলেন ইরানি ম্যাচ কমিশনার, ‘সাংবাদিক বন্ধুরা থামুন প্লিজ, আপনারা কোচ ও খেলোয়াড়কে ম্যাচ নিয়ে প্রশ্ন করুন। খেলার বাইরের বিষয় আর নয়।’
এরপরই ম্যাচ নিয়ে প্রশ্ন এবং বেশির ভাগই তাজিকিস্তান-বিপর্যয় নিয়ে। ওখানকার ঠান্ডা, বৃষ্টি, টার্ফ সবই যে প্রতিকূল ছিল কাল তা আরেকবার বললেন কোচ। মনে করিয়ে দিলেন, মূলত সাফ ফুটবল সামনে রেখেই তাঁর দায়িত্ব নেওয়া। অস্ট্রেলিয়া সম্পর্কে তাঁর কথা, ‘আমাদের জন্য অস্ট্রেলিয়া অন্যগ্রহের দল।’ তারপরও কী চান ম্যাচ থেকে? উত্তরটা বিস্ময়কর, ‘জয়!’ কোচদের বুঝি এমন বলতে হয়! প্রথমে হাসিখুশি থাকলেও পরে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন শুনে ক্ষুব্ধও হয়ে উঠলেন লোপেজ।
বাংলাদেশ দলের ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া বাস্তববাদী অভিলাষ ব্যক্ত করলেন, ‘দেশে খেলার সুবিধা নিয়ে আমি তো চাইব ড্র।’ তবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা সবাইকে বোঝার অনুরোধও রাখলেন। ভালো না খেললে প্রতিপক্ষ খুন করবে জানেন সেটাও, ‘আমাদের এক শ ভাগের চেয়েও বেশি ভালো খেলতে হবে।’ সংবাদ সম্মেলনটা শেষ হতেই টাঙ্গাইলের বাড়ি থেকে উইঙ্গার জাহিদ এসে হাজির বাফুফে ভবনে। ওখানে শুরু আরেক নাটক। কোচ তাঁকে বোঝালেন, কথা বললেন। কিন্তু চোটের কারণ দেখিয়ে খেলতে অপারগতা জানালেন জাহিদ।
অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার রোমাঞ্চটা আসলে আর নেই ফুটবলারদের মধ্যে। শেষক্ষণে শেখ জামাল কাণ্ডে মন ভেঙে দিয়েছে গোটা দলেরই।