তবুও উচ্ছ্বসিত নন ফন গাল
কখনো কি মাঠের ১১ জন খেলোয়াড়কে একসঙ্গে উঠে যেতে দেখেছেন? পরশু যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার ৬৪ হাজার দর্শক বিরল সেই দৃশ্যের সাক্ষী হলেন। ৬২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ১১ জনকেই উঠিয়ে নতুন আরেকটা একাদশ নামালেন লুই ফন গাল! সেটাও বার্সেলোনার মতো দলের বিপক্ষে! প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভব হলো। খেলোয়াড়দের বাজিয়ে দেখতে সেখানে কত কিছুই না করেন কোচরা!
তাতে অবশ্য বার্সেলোনার সঙ্গে জিততে সমস্যা হয়নি, ৩-১ গোলের জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে ইউনাইটেড। তবে প্রীতি ম্যাচ বলেই, এই জয়ে ফন গালও যেমন খুব বেশি উচ্ছ্বসিত নন, বার্সেলোনা কোচ লুইস এনরিকেরও মুষড়ে পড়ার কোনো কারণ নেই। যদিও দুই কোচই সম্ভাব্য প্রায় সব সেরাকেই মাঠে নামিয়েছিলেন। মেসি, নেইমার তো কোপার পর এখনো দলের সঙ্গে যোগ দেননি, বার্সেলোনায় নিয়মিতদের মধ্যে পরশু বেঞ্চে ছিলেন শুধু রাকিটিচ। ইউনাইটেডের শোয়েইনস্টাইগার, ডি মারিয়া ছাড়া বড় মুখদের কমবেশি সবাই খেলেছেন। তবে পরশু মঞ্চটা নিজেদের করে নিয়েছেন দুই দলের তরুণেরাই। ওয়েইন রুনির গোলটা বাদ দিলে ম্যাচের বাকি সব গোলেই তারুণ্যের জয়ধ্বনি। ইউনাইটেডের হয়ে অন্য দুটি গোল জেসে লিনগার্ড ও আদনান ইয়ানুজাইয়ের, বার্সেলোনার গোলটা করেছেন রাফিনহা।
গত মৌসুমের আগেও ইউনাইটেড রোমা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের সঙ্গে টানা পাঁচ ম্যাচে জিতেছিল। কিন্তু লিগে সেই ফর্মের তেমন কোনো ছাপ দেখা যায়নি। ফন গাল সেটাই মনে করিয়ে দিলেন, ‘গত বছরও আমরা জিতেছিলাম। কিন্তু লিগের প্রথম ম্যাচেই সোয়ানসির কাছে হেরে যাওয়ায় সেটা অর্থহীন হয়ে যায়। পুরো সফরে যেটা বলে আসছি, সেটাই আবার বলছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বার্সেলোনা, পিএসজি বা ক্লাব আমেরিকার সঙ্গে নয়, এটা টটেনহামের সঙ্গে।’ সামনের মাসে ইংলিশ লিগের প্রথম ম্যাচেই টটেনহাম পরীক্ষা নেবে ইউনাইটেডের।
ইউনাইটেডকে আত্মবিশ্বাসের জ্বালানি জোগান দিলেন বার্সা কোচ লুইস এনরিকেও, ‘ফন গালের মতো একজন কোচ আর এমন একগুচ্ছ খেলোয়াড় থাকলে ওরা আসলে সবকিছুই জেতার ক্ষমতা রাখে।’
পরশু রাতের অন্য প্রস্তুতি ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পিএসজিকে টাইব্রেকারে হারিয়েছে চেলসি। আর অলিম্পিক লিঁওকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এএফপি, ইএসপিএন।