তবুও জিতল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন। এএফসি কাপের বাছাইপর্বে খেলতে আগামীকাল কিরগিজস্তান যাওয়ার আগে জয় নিয়েই মাঠ ছাড়ল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সেরাদের বিশ্রাম দিতে কাল কোচ যোসেফ আপুসি বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামিয়েছিলেন দ্বিতীয় একাদশ। তারপরও শেখ জামাল মুক্তিযোদ্ধাকে হারিয়েছে ২-১ গোলে।
৮৭ মিনিট পর্যন্ত সমতায় থাকা শেখ জামালকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন ল্যান্ডিং দারবোয়ে। ম্যাচের ৩৪ মিনিটে কামারা সারবার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল অবশ্য মুক্তিযোদ্ধা। গোল শোধে মরিয়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে ছিল বেশি আক্রমণাত্মক। মিডফিল্ডার মামুনুল প্রথমার্ধে ছিলেন বেঞ্চে বসে। কিন্তু দ্বিতীয়ার্ধে আপুসি তাঁকে মাঠে নামানোর পর থেকেই পুরোনো চেহারায় শেখ জামাল। ল্যান্ডিংয়ের ফ্রিকিক মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর ফিরিয়ে না দিলে ৫৪ মিনিটেই সমতা এনে ফেলত তারা। ৬০ মিনিটে মামুনুলের ভলিকে পায়ে ছুঁইয়ে এমেকা ঢুকিয়ে দেন জালে (১-১)। ৮৮ মিনিটে তকলিচের পাস থেকে ল্যান্ডিংয়ের গোলে জয় নিশ্চিত করে জামাল। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট হলো জামালের। মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৫। ফরাশগঞ্জের পরবর্তী লিগ ম্যাচগুলো বাতিল হওয়ায় মুক্তিযোদ্ধার শেষ ম্যাচটি খেলা হচ্ছে না। তাই হার দিয়েই লিগ শেষ হলো মুক্তিযোদ্ধার।