তবুও জেগে ওঠার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন l প্রথম আলো
বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন l প্রথম আলো

দেশের ফুটবলের এখন চরম দুঃসময়। গত অক্টোবরে থিম্পুতে ভুটানের কাছে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে ৩-১ গোলের হারের পর থেকেই চলছে ফুটবল নিয়ে কাটাছেঁড়া। সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছেন। চায়ের কাপেও ঝড়—ফুটবল কি আর ঘুরে দাঁড়াতে পারবে? এই সংকটকালে ঢাকা ক্লাবে কাল প্রাসঙ্গিক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। ‘বাংলাদেশের ফুটবল: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে উপস্থিত বক্তাদের বেশির ভাগেরই তির ছিল বাফুফের সাংগঠনিক ব্যর্থতার দিকে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্রীড়া সম্পাদক ও বিএসজেএর কার্যনির্বাহী সদস্য দিলু খন্দকার। তাঁর প্রস্তাব, বাফুফে যেন তৃণমূল পর্যায়ে ফুটবলের ওপর বেশি জোর দেয়। সুপারিশ করেছেন ‘স্কুল অব ফুটবল’ গড়ার। ফুটবলারদের প্রশিক্ষণ, ক্লাবগুলোর পেশাদারত্ব ও প্রশিক্ষিত কোচের প্রয়োজনীয়তার কথাও বলেছেন অভিজ্ঞ এই ক্রীড়া সাংবাদিক।

ডেইলি স্টার-এর ক্রীড়া সম্পাদক আল আমিনের শঙ্কা, এমন চমৎকার আলোচনা বাফুফে কর্মকর্তারা না শেষ পর্যন্ত ভুলে যান, ‘এতসব দেখেশুনে একটাই প্রশ্ন জাগে, এখানে যা আলাপ-আলোচনা হলো হয়তো সেটা এখানেই শেষ হয়ে যাবে। এর বাস্তবায়ন কিছুই হবে না।’

ফুটবলের অবনতির পেছনে রাজনৈতিক কারণ দেখেন প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, ‘ফুটবলের সমস্যাগুলো কোথায় সেটা কমবেশি সবাই আমরা জানি। তবে বিস্ময়কর শোনালেও সত্য, সেগুলোর সমাধান হয় না রাজনৈতিক কারণে। ক্লাব কর্মকর্তারা ফুটবল ভবনকে ডাকঘরের চেয়ে বেশি মূল্যায়ন করেন না।’ তবে তিনি আশাবাদী, ‘বিজ্ঞাপনে যেমন বলে, দাগ থেকেও ভালো কিছু হয়, তেমনি ভুটানের এই হার আমাদের জেগে ওঠার জন্য সজোরে ধাক্কা দিয়েছে। বাংলাদেশের ফুটবল এখান থেকেই হয়তো জেগে উঠবে।’ বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ফুটবলের এই দুঃসময়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সেমিনারে নীরব শ্রোতা হয়েই সব আলোচনা শোনেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি সেসবের জবাব দিয়েছেন মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে, ‘পাঁচ ঘণ্টা বসে সবার কথা শুনলাম। সবাই যা বললেন চেষ্টা করব সেভাবেই কাজ করতে। সবাই আমাকে সাহায্য করবেন যাতে বাংলাদেশের ফুটবল আবারও একটা ভালো জায়গায় আসে। ফুটবল নিয়ে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এরই মধ্যে কিছু কাজ শুরু করে দিয়েছেন। ফিফা ও এএফসি সেগুলো অনুমোদন করেছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব।’ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর তার আগে সালাউদ্দিনের দুই মেয়াদের কার্যক্রম ও আগামী চার বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রজেক্টরে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন কোচ মারুফুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক, রেফারি আজাদ রহমান, ক্রীড়া সাংবাদিক সাইদুর রহমান শামীম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ক্রিকেট কোচ ও ক্রীড়ালেখক জালাল আহমেদ চৌধুরী, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কামরুজ্জামানসহ আরও অনেকে।