তবুও বিশ্বাস রাখতে বললেন বেনিতেজ

এত উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে রাফায়েল বেনিতেজ রাতে ঘুমান কী করে কে জানে! প্রতি পদে পদে তাঁর চাকরি হারানোর ভয়। অবশ্য পেশাদার কোচদের যেহেতু এমন বাজে সময়ের জন্য মানসিক প্রস্তুতি থাকে, তাই বেনিতেজের রাতের ঘুমটা মোটামুটি হচ্ছে-এ কথা ধরে নেওয়াই যায়। পেশাদার কোচরা এমন পরিস্থিতি মোকাবিলায় কিছু কথামালাও তৈরি করে রাখেন। বেনিতেজের যেমন এই মুহূর্তে তেমন কিছু কথামালাই ভরসা।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে নতুন বছর শুরুর প্রত্যাশা ছিল, কিন্তু তাঁর দল সেটা পারেনি। টানা ব্যর্থতার মধ্যেও ‘এখনো লিগের অনেক বাকি আছে’ বলে নিজের মানসিক শক্তিটা এত দিন বজায় রেখেছিলেন। কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই-দুইবার এগিয়ে গিয়েও রোববার রাতে রিয়ালের জয়-বঞ্চিত হওয়ার পর সামনের পথ অনেকটাই বন্ধুর দেখছেন তিনি। তবে ওই যে কথামালা! ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্রয়ের পরেও তাঁর কথাগুলো চালিয়েই গেলেন তিনি। বললেন, না জিতলেও সমালোচনার চেয়ে এই মুহূর্তে দলের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখাটাই নাকি জরুরি।
সমর্থকেরা বিশ্বাস রেখেই চলেছে। লিগে ১৮ ম্যাচ খেলে যে দলটা নিজেদের তৃতীয় স্থানে দেখছে, তাদের ওপর বিশ্বাস আর কতটুকুই বা রাখা যায়। তবুও সমর্থকদের আশা করেন, ঘুরে দাঁড়াবে তাঁদের প্রিয় ক্লাব। বেনিতেজের বক্তব্যও অনেকটা এমনই, এই মুহূর্তে রিয়ালের খেলোয়াড়েরা নিজেদের ফিরে পেতে যে ধরনের ফুটবল খেলছে, সে কারণে সমালোচনা নয়, খেলোয়াড়দের ওপর রাখতে হবে বিশ্বাস।
নিজের ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত নন বেনিতেজ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সমর্থন তাঁর পেছনে আছে বলেই কি! কিছু দিন আগে তো খবর রটেছে, এই পেরেজই রিয়াল ‘বি’ দলের কোচ সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদানকে পদোন্নতি দিয়ে মূল দলের কোচ করছেন। বেনিতেজ নিজেও জানেন ভালো ফল ছাড়া নিজের ভবিষ্যৎ সংহত করার কোনোই ‘খুঁটি’ তাঁর নেই, ‘আমাকে নিয়ে কে কী ভাবছে, কী ভবিষ্যদ্বাণী করছে, সেটা আমি কীভাবে থামাবো ? তবে আমি মনে করি আমার ভবিষ্যৎ নির্ভর করছে দলের ফলে।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে না পারলেও দলের খেলায় বেশ খুশিই বেনিতেজ, ‘দল আজ যেভাবে খেলেছে, তাতে তারা কেবল প্রশংসাই পেতে পারে। আমি আর কী করব। আজ আমি যেভাবে দল সাজিয়েছি, দল যেভাবে খেলেছে, সেটা নিশ্চিত করাটাই সর্বোচ্চ করতে পারি আমি।’ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র হওয়াকে ‘দুর্ভাগ্য’ই মনে করেন রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ কোচ, ‘খেলোয়াড়েরা আজ জয়ের জন্য নিজেদের প্রায় সবকিছুই উজাড় করে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা জিততে পারিনি।’