তবুও বিনয়ী 'বেকেনবাওয়ার' মানিক

বাংলাদেশের ‘বেকেনবাওয়ার’— এই তুলনায় আপনি একটু বিস্মিতই হয়তো হচ্ছেন, একটু হাসির রেখাও ফুটতে পারে আপনার মুখে। জার্মান ফুটবল কিংবদন্তি খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই জিতেছিলেন বিশ্বকাপ। বেকেনবাওয়ারের সাফল্যের সঙ্গে হয়তো এটির তুলনা হয় না। কিন্তু বাংলাদেশের হয়ে ক্লাব ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে শিরোপা জিতে শফিকুল ইসলাম মানিক কিন্তু বেকেনবাওয়ারকেই মনে করিয়ে দিলেন।
টেলিফোনের এই প্রান্ত থেকে বেকেনবাওয়ারের প্রসঙ্গ ওঠায় একটু যেন লজ্জাই পেলেন দেশের অন্যতম সেরা এই কোচ। বলেই ফেললেন, ‘ভাই কার সঙ্গে কার তুলনা! বেকেনবাওয়ার বিশ্বকাপ জিতেছিলেন। আমি দুটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতলাম। এ আর এমন কি!’
শুক্রবার রাতটা মানিকের জীবনে অবশ্যই বিশেষ কিছু। চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিয়ে তাদের জেতালেন জমজমাট এক আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতার শিরোপা। নবগঠিত এক দলকে কী এক জাদুবলেই না উদ্বুদ্ধ করলেন শিরোপা জয়ে! মানিক অবশ্য পুরো কৃতিত্ব দিতে চাইলেন তাঁর দলের খেলোয়াড়দেরই, ‘আমি কোচ হয়ে শুধু কৌশল বাতলে দিয়েছি। সেই কৌশলের প্রয়োগ করেছে খেলোয়াড়েরা। দলটা নতুন করে গোছানো হলেও এই দলে এমিলি, মিঠুন, জাহিদ, মিশু কিংবা লিটনের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা ছিল। তাই আমার ওদের মধ্যে সমন্বয় তৈরি করতে খুব একটা বেগ পেতে হয়নি।
কোচ কিংবা খেলোয়াড় দুই ভূমিকাতেই আন্তর্জাতিক প্রতিযোগিতা জয়ের প্রসঙ্গটা স্মৃতিকাতরই করল মানিককে, ‘হ্যাঁ, ১৯৮১ সালে আগা খান গোল্ডকাপের শিরোপা জিতেছিলাম ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ফাইনালে থাইল্যান্ডের চ্যাম্পিয়ন দল ব্যাংকক ব্যাংকের সঙ্গে ১২০ মিনিট ১-১ গোলে অমীমাংসিত রাখতে পেরেছিলাম খেলাটা। আমি তখন ব্রাদার্সে মাত্র এসেছি। কোচ গফুর বেলুচ আমাকে রাইট ব্যাকে খেলিয়েছিলেন। ব্রাদার্সের ওই দলটা দুর্দান্ত ছিল। শান্টু ভাই, টুটুল ভাই, মহসিন ভাই, আজমত ভাই, বাবলু ভাইদের মতো তারকা খেলোয়াড়েরা ছিলেন ব্রাদার্সে। ব্যাংকক ব্যাংকের বিপক্ষে ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকা অবস্থায় আমাদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।’
আজ থেকে ৩৪ বছর আগে ব্রাদার্সের হয়ে আগা খান গোল্ডকাপ জয়ের আনন্দ ছিল এক রকম। চট্টগ্রাম আবাহনীর হয়ে শেখ কামাল ক্লাব কাপের শিরোপা জয়ের গৌরব অন্য রকম। কেন অন্য রকম সেই ব্যাখ্যাও করলেন মানিক, ‘৮১ সালে এদেশের মানুষ ফুটবল ছাড়া কিছুই বুঝত না। ফুটবল তখন ছিল দেশের এক নম্বর জনপ্রিয় খেলা। উন্মাদনা ছিল অন্যরকম। কিন্তু এবার শেখ কামাল প্রতিযোগিতাটি ছিল ফুটবলের গৌরব ফিরিয়ে আনার লড়াই। কালকের ফাইনালে মাঠে ঢুকেই নিজেকে স্বার্থক মনে হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম দেখে তৃপ্ত হয়েছি। ফাইনালের পর চট্টগ্রামই শুধু নয় পুরো দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছি। এই আনন্দ অন্যরকম।’
চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিয়ে খুব একটা সময় পাননি মানিক। কিন্তু তার পরও সাফল্য ধরা দিল হাতের মুঠোয়। সফল হওয়ার ‘রেসিপি’ আসলে কী ছিল। এই প্রশ্নের উত্তর নানাজনকে কাল থেকেই দিতে হয়েছে তাঁকে। কিন্তু তাতে যেন কোনো ক্লান্তি নেই এই সাবেক তারকা ফুটবলারের, ‘রেসিপি তো অবশ্যই আছে। কিন্তু রহস্য-টহস্য বলে কিছু নেই। আমি প্রতিপক্ষ দলকে পর্যবেক্ষণ করে ভিন্ন ভিন্ন কৌশলের ওপর জোর দিয়েছি। খেলোয়াড়দের মধ্যে টিম স্পিরিট জাগিয়ে তুলতে চেয়েছি। ফিটনেসকে অগ্রাধিকার দিয়েছি। ভাগ্যের সহায়তা তো ছিলই। যেকোনো সাফল্যেই ভাগ্যের সহায়তা লাগে।’
তবে সবকিছু ছাপিয়ে খেলোয়াড়দের অধ্যবসায়কেই মূল অনুষঙ্গ মনে করেন তিনি, ‘আমি কোচের পাশাপাশি কিছুটা সংগঠকের কাজও করেছি। কিন্তু মূল কৃতিত্বটা খেলোয়াড়দের, ওদের অধ্যবসায় ছিল তুলনাহীন। প্রথম ম্যাচে এই ইস্টবেঙ্গলের কাছেই হেরে শুরু করেছিলাম আমরা। ফাইনালে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়ে কাপ জিতলাম। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়েরা নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। নিজেদের অভিজ্ঞতার সবটা ঢেলে দিয়েছে উজাড় করেই।’
কোচ হিসেবে ক্যারিয়ারটা দীর্ঘ দিনেরই। ঘরোয়া ফুটবলে অনেক ক্লাবকেই সাফল্য উপহার দিয়েছেন। কিন্তু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা তাঁর ক্যারিয়ারকে নিয়ে গেছে অন্য উচ্চতাতেই। প্রতিযোগিতার শিরোপাটা কি নিজেকে নতুন করে প্রমাণ করাও? মানিক অবশ্য তা মানতে রাজি নন। তিনি মনে করেন কোচ হিসেবে নতুন করে তাঁর প্রমাণ করার কিছুই নেই, ‘আমি কেমন কোচ সেটা গত ২০ বছর ধরেই আস্তে আস্তে প্রমাণ করেছি। নতুন করে আমার প্রমাণের কিছু নেই। শেখ কামাল প্রতিযোগিতার শিরোপাটি আমার ক্যারিয়ারের একটি সাফল্য। কিন্তু এই শিরোপা দিয়ে আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না।’
জাতীয় দলের সহকারী নন, প্রধান কোচই হতে চান মানিক। তবে জাতীয় দলের দায়িত্ব নিলে চান যোগ্য সম্মান, সুযোগ-সুবিধা আর সময়, ‘জাতীয় দলের দায়িত্বে এর আগেও ছিলাম। ২০০৮ সালে মিয়ানমারের চার জাতি প্রতিযোগিতা কিংবা ২০০৭ সালের মারদেকা কাপে জাতীয় দলের কোচ ছিলাম। কিন্তু সময় পেলাম কই। সুযোগ পেলে সহযোগী নয়, হেড কোচই হতে চাই। হেড কোচ হওয়ার মতো অভিজ্ঞতা এবং তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান আমার আছে।’