তবে কি শেষ ক্যাসিয়াস যুগের?

এক যুগ ধরেই দলের গোলবারে প্রধান ভরসা হয়েই আছেন ইকার ক্যাসিয়াস। স্পেন বলুন অথবা রিয়াল, গোলবারে দোর্দণ্ড প্রতাপেই রাজত্ব করেছেন তিনি। তাঁর সময়ে দলের অন্য গোলরক্ষক প্রথম একাদশে খেলছেন, এই সেদিনও এই দৃশ্য কল্পনা করা যেত না। তার অবসরের আগে সমসাময়িক অন্য গোলকিপারদের জন্য দলে টেকাটা রীতিমতো দিবাস্বপ্নই মনে হতো এককালে। সময় সবারই বদলায়, বদলেছে ক্যাসিয়াসেরও। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে দলেই ছিলেন না তিনি। ব্যাপারটা বিস্মিত করেছে তাঁর বদলে সুযোগ পাওয়া খোদ ডেভিড ডি গিয়াকেও।
বিশ্বকাপে ব্যর্থ হয়েছে স্পেন। কিন্তু স্বীকার করা হোক আর না হোক, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার দায়টা তো পড়েছে ওই ক্যাসিয়াসের ঘাড়েই। হল্যান্ডের বিপক্ষে পাঁচ গোল হজম করা ওই ম্যাচের পর তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে ক্যাসিয়াসের ক্যারিয়ার। ক্লাবে তো আস্থার জায়গাটা নিতে পারছেন না অনেক দিন ধরেই, এখন জাতীয় দলেও হয়ে উঠলেন ব্রাত্য। তবে কি ফুটবল এর মধ্যেই দেখে ফেলেছে ক্যাসিয়াসের শেষ?
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ গোলরক্ষক ডি গিয়ার জন্য ব্যাপারটা বিস্ময়-জাগানিয়াই। অকল্পনীয় এই ব্যাপারটা যতটা না তাঁকে আনন্দিত করেছে, হতবাক করেছে তাঁর চেয়েও বেশি। ক্যাসিয়াসের বদলে দলে আছেন তিনি—এই সত্যটা যেন স্বপ্নের মতোই মনে হয়েছে তাঁর কাছে।
নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি সোজা-সাপ্টাই, ‘ক্যাসিয়াসের বদলি হওয়ার বিষয়টা আমি নিতেই পারছি না। এটা অকল্পনীয় এক ব্যাপার। আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে রাজত্ব করার সব ক্ষমতাই তাঁর আছে। বয়সও তাঁর এমন কোনো বেশি না।’
প্রথম একাদশে সুযোগ পেতে পারেন, এমনটা নাকি শুনেছিলেন ম্যাচের কিছু আগেই। দল থেকে সিনিয়রদের এভাবে ছাঁটাই করে দেওয়াটা তাঁর কাছে বেশ ‘অদ্ভুত’ই ঠেকছে, ‘যাঁরা স্পেন দলকে এত দিন ধরে টেনে নিয়ে আসছে, দিনের পর দিন যাঁরা দলকে জয় উপহার দিয়েছে। দলকে যাঁরা জিতিয়েছেন সম্ভব-অসম্ভব প্রায় সবকিছু, তাঁদের ছাড়া মাঠে নামাটা আমার কাছে কেমন যেন অদ্ভুত ঠেকছে।’
ডি গিয়া যা-ই বলুন না কেন, স্পেন ফুটবলের যুগের সমাপনী ঘণ্টাটা বোধ হয় বেজেই গেছে। সূত্র: গোল ডটকম।