তবে কী চেলসিতেই ভিড়ছে মেসি-তরি

বার্সেলোনার মূল দলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই বাতাসে ভেসেছে লিওনেল মেসির দল বদলের গুঞ্জন। লিওনেল মেসি তো এমনই এক জাদুর নাম! সতেরো বছরের সম্ভাবনাময় সেই কিশোর এখন ২৯ বছরের পরিপূর্ণ ফুটবলার। কিন্তু মেসির দল বদল নিয়ে গুঞ্জন কমছে না এতটুকুও। নতুন গুঞ্জন, জাতীয় দলকে সদ্য বিদায় বলে দেওয়া মেসিকে দলে টানতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।ইংলিশ দৈনিক দ্য সানই দিয়েছে এ খবর। পত্রিকাটির ভাষ্যমতে, মেসির পিতা হোর্হে মেসি ১০ দিন আগেই চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে দেখা করেছেন। বিষয়টি গুরুত্ব পাচ্ছেই কারণ, মেসির বাবা হোর্হেই তাঁর এজেন্টের দায়িত্ব পালন করেন। মেসির আর্থিক বিষয়ও দেখভাল করেন তিনি। দ্য সান—এর খবর, চেলসির ব্যাপারে হোর্হে বেশ আগ্রহী। স্পেনে কর সংক্রান্ত ঝামেলায় ত্যক্ত-বিরক্ত মেসি পরিবার হাফ ছাড়তে ইংল্যান্ডে যাওয়ার চিন্তা করতেই পারে।
মেসির জন্য ১৩০ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে দিতে রাজি লন্ডনের ক্লাবটি। মেসি রাজি থাকলে ২৫০ মিলিয়ন ইউরোর ‘রিলিজ ক্লজের’ প্রায় অর্ধেকেই তাঁকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। কিছুদিন আগেও এ সংবাদ উড়িয়ে দেওয়া হতো। কিন্তু গতকালই কর ফাঁকির মামলায় মেসি ও তাঁর বাবাকে ২১ মাসের জেলের সাজা দিয়েছেন বার্সেলোনার আদালত। পিতা-পুত্র মিলিয়ে সাড়ে তিন মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে। তবে স্পেনের আইন অনুযায়ী জেলে যেতে হচ্ছে না তাঁদের। তবুও স্থগিত জেল খাটার হুমকি তো অস্বস্তি হয়েই থাকবে মেসিদের কাঁধে।
তাই পরিবর্তিত পরিস্থিতিতে মেসির স্পেন ছাড়ার খবর অন্যরকম ইঙ্গিতই দিচ্ছে। তবে কী চেলসির নীল জার্সিতে দেখা যাবে পাঁচ বারের ব্যালন ডি’ অর জয়ীকে?