তরুণ বার্সেলোনা আর নতুন রিয়ালের শুরু
নতুন মৌসুমে এখন পর্যন্ত চারজন খেলোয়াড় দলে টেনেছে বার্সেলোনা, চারজনের বয়সই ২২! তরুণ খেলোয়াড়দের নিয়েই যেন নতুন স্বপ্ন দেখছে বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমার, ইনিয়েস্তাদের অভিজ্ঞতার পাশাপাশি এই তারুণ্যে ভর করেই আজ নতুন লিগ মৌসুমের পথচলা শুরু করছে লুইস এনরিকের দল। ঘরের মাঠে প্রথম ম্যাচে আজ বার্সার প্রতিপক্ষ রিয়াল বেটিস।
স্প্যানিশ লিগ আনুষ্ঠানিকভাবে গতকালই শুরু হয়ে গেছে। তবে বার্সা-রিয়াল মাঠে না নামা পর্যন্ত তাতে উত্তেজনার আঁচ লাগে নাকি! বার্সেলোনা আজ নামছে, রিয়াল মাদ্রিদ খেলবে আগামীকাল। ক্লাবের একাডেমি কাস্তিয়া থেকে উঠে আসা অনেক খেলোয়াড় এবার সুযোগ পাচ্ছে দলে। তবে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ জিনেদিন জিদানের নতুন রিয়ালকে, যেতে হবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল লিগ শুরু হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদেরও।
শুধু স্প্যানিশ লিগই নয়, আজ শুরু হচ্ছে ইতালিয়ান লিগও। তবে আজ শুধু একটি ম্যাচ, ফ্রান্সেসকো টট্টির রোমা খেলবে উদিনেসের বিপক্ষে। টানা পাঁচবারের সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস মাঠে নামবে কাল, প্রতিপক্ষ ফিওরেন্টিনা। এএফপি।