তরুণেরা ভরসা দিলেন বার্সা কোচকে
স্পেনের সেগুন্দা বি (তৃতীয়) বিভাগে খেলে দলটা। তাদের বিপক্ষে বার্সার জয় পেতে বেগ পাওয়ার কথা না। সেটা হয়ও-নি। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে অ্যাকাডেমির মাঠ এস্তাদি ইয়োহান ক্রুইফে হিমনাস্তিক দে তারাগোনার বিপক্ষে ৩-১ গোলে হেসেখেলে জিতেছে বার্সেলোনা। গোল করেছেন তারাই, মূল একাদশের অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য, কোচের আস্থা পাওয়ার জন্য যারা প্রাণপণ লড়ে যাচ্ছেন—ওসমানে দেম্বেলে, আতোয়াঁ গ্রিজমান ও ফিলিপ কুতিনিও।
ম্যাচের পাঁচ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরা ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলে। বার্সা ক্যারিয়ারে অধিকাংশ সময়ে চোটে কাটানো এই তারকার কাছে এই মৌসুমটা বলতে গেলে ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতোই। ২০১৭ সালে সাড়ে দশ কোটি ইউরোর বিশাল ফি তে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় নাম লেখানো এই তারকা এখনো নিজেকে দলের নির্ভরযোগ্য অংশ হিসেবে প্রমাণ করতে পারেননি। এই গোলের ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করা আতোয়াঁ গ্রিজমানেরও। গত বছর ১২ কোটি ইউরোর বিনিময়ে মেসিদের সতীর্থ হলেও এখনো বার্সার কোনো কোচ তাঁকে তেমন অবিচ্ছেদ্য হিসেবে ভাবতে পারেননি। গত মৌসুমে প্রায়ই দেখা গিয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে বসে থেকেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। ফলে নতুন কোচকে খুশি করার চেষ্টা তাঁর মধ্যেও ছিল। আর তাতে তিনি পুরোপুরিভাবে সফল।
সফল আরেকজন তারকাও। সাড়ে ১৪ কোটি ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে ফিলিপ কুতিনিও যখন বার্সায় যোগ দিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন, আন্দ্রেস ইনিয়েস্তার যোগ্য উত্তরসূরি পেয়ে গেছে বার্সেলোনা। কিন্তু বার্সা ক্যারিয়ারটা অত সুখকর হয়নি এই ব্রাজিল তারকার জন্য। গত মৌসুমে কোচের আস্থা হারিয়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন ধারে। এবার নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, তাঁর পরিকল্পনায় কুতিনিও বেশ ভালোভাবেই আছেন। কোচের আস্থার প্রতিদান কুতিনিও দিয়েছেন গতকাল গোল করে, আরেকটা পেনাল্টিতে।
ম্যাচের প্রথমার্ধে মেসি খেললেও গোল করতে পারেননি। চিরাচরিত ৪-৩-৩ ছক থেকে সরে এসে ৪-২-৩-১ ছকে খেলেছে এদিন বার্সা। প্রতি অর্ধে আলাদা আলাদা আক্রমণভাগ মাঠে নামিয়েছিলেন কোম্যান। প্রথমার্ধে খেলেছেন মেসি, দেম্বেলে, গ্রিজমান। দ্বিতীয়ার্ধে কুতিনিও, ব্রাথওয়াইট ও দলে নতুন আসা ত্রিনকাও।
ত্রিনকাও, পেদ্রি, রিকি পুজ, কার্লেস আলেনিয়ার মতো তরুণ তারকার প্রত্যেকে দুর্দান্ত খেলেছেন কাল। আশা দিয়েছেন নতুন কোচকে।
তরুণদের কাঁধে চড়েই কী বার্সা তবে লা লিগার হারানো শিরোপা উদ্ধার করবে? সময়ই বলে দেবে!