তাঁদের নাগরিকত্বের পক্ষে-বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল বাঙ্গুরা,সামাদ ইউসুফ,কিং​সলে চিগোজি
ইসমাইল বাঙ্গুরা,সামাদ ইউসুফ,কিং​সলে চিগোজি

জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিন বললেন, ‘জাতীয় দলের ভালোর জন্য এমন কিছু করার মধ্যে দোষ দেখি না।’ অধিনায়ক মামুনুল ইসলামের কথা, ‘টিম ম্যানেজমেন্ট যা ভালো মনে করে করুক। বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে নই আমি। এতে দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তবে ওই খেলোয়াড়কে হতে হবে খুব ভালো মানের। যাতে জাতীয় দল উপকৃত হয়।’
তিন আফ্রিকান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ দলে নেওয়ার উদ্যোগ প্রসঙ্গে বলছিলেন তাঁরা। অবশ্য স্ট্রাইকার এনামুল হক বিষয়টাকে দেখছেন ভিন্ন চোখে, ‘জন্মসূত্রে এ দেশের নাগরিক এবং খুব ভালো খেলোয়াড় হলে সমস্যা নেই। তবে আফ্রিকান এই তিন খেলোয়াড় আহামরি নন। এঁদের জাতীয় দলে ভেড়ালে তেমন ফল আসবে না। স্থানীয়দের বরং সুযোগ দেওয়া উচিত।’
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঠিক এখানেই দ্বিমত করছেন, ‘গোটা পৃথিবীতেই এমনটা হচ্ছে। আমরা করলে সমস্যা কোথায়?’ স্থানীয়দের সুযোগ কমে যাওয়ার প্রসঙ্গে তাঁর কথা, ‘প্রতিভা থাকলে লুকিয়ে রাখতে পারে না কেউ। ক্রিকেটে মুস্তাফিজকে লুকিয়ে রাখা যায়নি। তেমনি ফুটবলে প্রতিভা থাকলে বেরিয়ে এসে জাতীয় দলে জায়গা নেবেই।’
অনেকে বলছেন, মোহামেডানের গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার বয়স হয়ে গেছে ৩০। একইভাবে ২০০৮ থেকে আবাহনীতে খেলা ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফের ফর্মও পড়তির দিকে। শেখ রাসেলে খেলা ফরোয়ার্ড কিংসলে চিগোজিও সাদামাটা খেলোয়াড়। তবে সামাদের বিশ্বাস, ‘বাংলাদেশে সাত বছর ধরে খেলছি। কাজেই ভালো কিছু ভেবেই হয়তো কোচ আমাদের চান। প্রথমে শুনেই আমি সম্মতি দিয়েছি। নিশ্চয়ই আমাদের অন্তর্ভুক্তিতে সুফল পেতে পারে বাংলাদেশ।’ স্মরণযোগ্য, নাগরিকত্ব পাওয়ার প্রধান শর্ত বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বাঙ্গুরা ও কিংসলের পাঁচ বছর পূর্ণ হবে আগামী সেপ্টেম্বরে।
কিন্তু শেখ রাসেলের কোচ মারুফুল হক সমর্থন করছেন না ব্যাপারটা, ‘এঁদের বয়স হয়ে গেছে। মাঠে বেশি কিছু দেওয়ার সামর্থ্যও কমে গেছে অনেকটা। এমন নয়, ওরা দারুণ খেলোয়াড়। আরও তরুণ ও খুব ভালো মানের বিদেশি জাতীয় দলে নিলে আপত্তি করার কিছু নেই। তবে এঁদের নয়। এটার খারাপ একটা প্রতিক্রিয়া হতে পারে স্থানীয়দের ওপর।’