তাঁদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের সঙ্গে এভরা l ফাইল ছবি
সুয়ারেজের সঙ্গে এভরা l ফাইল ছবি

জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল সেমিফাইনালের প্রথম লেগের পরই। পরশু নিশ্চিত হয়ে গেল, ৬ জুন বার্লিনে ‘অভূতপূর্ব’ একটা পুনর্মিলনীই হতে যাচ্ছে। প্যাট্রিস এভরা, জর্জো কিয়েলিনির সঙ্গে দেখা হয়ে যাচ্ছে লুইস সুয়ারেজের—এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নতুন মাত্রাই যোগ হচ্ছে।
ফুটবল ক্যারিয়ারে বিতর্কের সঙ্গে অনেকটা সময় হাত ধরাধরি করে হেঁটেছেন সুয়ারেজ। সেই পথে দুজনকে কখনোই ভুলবেন না, এভরা ও কিয়েলিনি। প্রথমজনের সঙ্গে বিতর্কটা চার বছর আগের। সুয়ারেজ তখন লিভারপুলে, এভরা ম্যানচেস্টার ইউনাইটেডে। এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ, জরিমানা দিয়েছিলেন ৪০ হাজার পাউন্ড। পরের বছর দুই দলের একটা ম্যাচে এভরার সঙ্গে ইচ্ছা করেই হাত মেলাননি সুয়ারেজ।
সুয়ারেজের সঙ্গে আবার দেখা হওয়াটা নিশ্চিত হওয়ার পর সেই ঘটনাটা জুভেন্টাস লেফটব্যাককে মনে করিয়ে দেওয়া হলো। এভরা অবশ্য বড় করে দেখাতে চাইলেন না এটিকে, ‘অনেকেই আমাকে এসব নিয়ে প্রশ্ন করছে। এটা আসলে তেমন কোনো ব্যাপার নয়। ফাইনালে খেলতে পারাটাই সবচেয়ে বড় কথা।’
কিন্তু আগেরবার তো সুয়ারেজ হাত মেলাননি, এবার এভরা কি সেটা করবেন? ফ্রেঞ্চ ডিফেন্ডারের আপত্তি নেই, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। নিজের গায়ের রং নিয়েও। ওর সঙ্গে হাত মেলাতে আমার সমস্যা নেই।’
কিয়েলিনির সঙ্গে ঘটনাটা তো এখন সবার স্মৃতিতে সজীবই থাকার কথা। গত বিশ্বকাপেই ইতালি-উরুগুয়ের ম্যাচে সুয়ারেজ কামড় বসিয়ে দিয়েছিলেন কিয়েলিনিকে। মহা তোলপাড় তোলা ওই কাণ্ডে চার মাস নিষিদ্ধ হতে হয়েছিল সুয়ারেজকে। এরপর দুজনের আর দেখা হয়নি। বার্লিনে ভালোমতোই হবে। সুয়ারেজকে ঠেকানোর দায়িত্বও হয়তো থাকবে কিয়েলিনির। ম্যাচের মধ্যে ‘আরেকটি ম্যাচ’ দেখার প্রস্তুতি তাই নিয়ে রাখাই ভালো। ইএসপিএন।