তাঁদের 'ঘরে' ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকোতে পরশু চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তখন ড্র শেষ হয়েছে মাত্র। ব্যবহারকারীদের চাপে ঘণ্টা খানেকের মধ্যেই ‘ক্র্যাশ’ করে গেল সুইডিশ ক্লাব মালমোর ওয়েবসাইট! কী ব্যাপার?
ড্র নিশ্চিত করে দিয়েছে মালমো ‘এ’ গ্রুপে খেলবে রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক ও পিএসজির সঙ্গে। আর পিএসজির বিপক্ষে খেলা মানে তো ইব্রাহিমোভিচ খেলবেন মালমোর বিপক্ষে। সেই ইব্রা! আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনা কিংবা পিএসজির হয়ে খেলার আগে যাঁর পরিচয় ছিল মালমোর ইব্রা! এখন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, কিন্তু আজকের এই ইব্রা হয়ে ওঠার শুরু তো সেই মালমোতেই। ঘরের ছেলে ঘরে ফিরছে, হোক না সেটা প্রতিপক্ষ হিসেবে, ক্লাবের সমর্থকদের জন্য আবেগাপ্লুত হওয়ার মতোই ব্যাপার। মালমোর ওয়েবসাইটেও হঠাৎ ভিড়টা সে কারণেই। এতই যে, সেই চাপ নিতে পারেনি ওয়েবসাইটটি।
১৯৯৬ সালে মালমোর বয়সভিত্তিক দলে অভিষেক হয়েছিল ১৫ বছর বয়সী ইব্রার। তিন বছর পর ডাক পান মূল দলে। দুই মৌসুম খেলেই সেখান থেকে পাড়ি জমান আয়াক্সে। কিন্তু কৈশোরের ক্লাবটি এখনো তাঁর হৃদয়ের বিশাল অংশজুড়ে আছে। পুনর্মিলনী নিশ্চিত হওয়ার পর তাই আবেগাপ্লুত ইব্রাও। ড্রয়ের কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে পিএসজির সুইডিশ স্ট্রাইকার লিখেছেন, ‘ক্যারিয়ারে অনেক আবেগঘন মুহূর্ত এসেছে। এটাও সে রকমই একটা মুহূর্ত হবে। মালমোর মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলা স্বপ্নের মতো ব্যাপার। পুরো মালমো শহরটির স্টেডিয়ামে জায়গা হবে না বলে দুঃখ লাগছে। কিন্তু স্টেডিয়ামের গর্জন পুরো শহর শুনবে। আমি আসছি মালমো!’
মোনাকোর ড্র নিশ্চিত করে দিয়েছে এমন আরও কিছু পুনর্মিলনী। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এক মৌসুম পরই এবার ইউনাইটেড থেকে পিএসজিতে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল-পিএসজি একই গ্রুপে পড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ডি মারিয়ার প্রতিপক্ষ হিসেবে ফেরা নিশ্চিত করেছে।
এই তো কিছুদিন আগে পিএসভি আইন্দহফেন ছেড়ে ইউনাইটেডে যোগ দিয়েছেন মেম্ফিস ডিপাই। তবে সাবেক ক্লাবে জলদিই আবার ফেরার সুযোগ পাচ্ছেন ডাচ উইঙ্গার। ড্রয়ে ইউনাইটেডের জায়গা হয়েছে আইন্দহফেন, সিএসকেএ মস্কো ও ভলফ্সবুর্গের সঙ্গে ‘বি’ গ্রুপে। তার মানে আইন্দহফেনের ফিলিপস স্টেডিয়ামে আবেগঘন প্রত্যাবর্তন হচ্ছে ডিপাইয়েরও। ইউনাইটেড উইঙ্গার তো এরই মধ্যে টুইটও করেছেন, ‘পিএসভি, শিগগিরই আমাদের আবারও দেখা হচ্ছে।’
শুধু খেলোয়াড় নন, পরশুর ড্র পুনর্মিলনী ঘটাবে কয়েকজন কোচেরও। তার মধ্যে হয়তো সবচেয়ে আবেগঘন হবে হোসে মরিনহোর পোর্তোতে ফেরা। ২০০৩-০৪ মৌসুমে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েই ফুটবল-দুনিয়াকে চমকে দিয়েছিলেন মরিনহো। সেই মরিনহো এবার চেলসির কোচ হিসেবে ফিরছেন তাঁর সাবেক ক্লাবে। হোক না এবার প্রতিপক্ষ, স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’ কোচের জন্য একটা আলাদা জায়গা তো সব সময়ই থাকবে পোর্তোতে।
প্রত্যাবর্তন হচ্ছে বার্সেলোনার কোচ লুইস এনরিকেরও। বার্সার ‘বি’ দলকে দিয়ে কোচিং ক্যারিয়ারের শুরু হয়েছিল। কিন্তু প্রথম বড় দায়িত্বটা পেয়েছিলেন রোমার কোচ হিসেবে। সেই রোমা এবার বার্সেলোনার সঙ্গে একই গ্রুপে। অলিম্পিক স্টেডিয়ামে ফিরে একটু আবেগাপ্লুত তো হতেই পারেন এনরিকে!

প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন
ইব্রাহিমোভিচ
বর্তমান ক্লাব: পিএসজি
সাবেক ক্লাব: মালমো
অ্যাঙ্গেল ডি মারিয়া
বর্তমান ক্লাব: পিএসজি
সাবেক ক্লাব: রিয়াল মাদ্রিদ
মেম্ফিস ডিপাই
বর্তমান ক্লাব: ইউনাইটেড
সাবেক ক্লাব: পিএসভি
ফার্নান্দো লরেন্তে
বর্তমান ক্লাব: সেভিয়া
সাবেক ক্লাব: জুভেন্টাস
হেসুস নাভাস
বর্তমান ক্লাব: ম্যান সিটি
সাবেক ক্লাব: সেভিয়া
সেইডু কেইটা
বর্তমান ক্লাব: রোমা
সাবেক ক্লাব: বার্সেলোনা
জোয়েল ক্যাম্পবেল
বর্তমান ক্লাব: আর্সেনাল
সাবেক ক্লাব: অলিম্পিয়াকোস
ইয়ান ওবলাক
বর্তমান ক্লাব: অ্যাটলেটিকো
সাবেক ক্লাব: বেনফিকা
হোসে মরিনহো
বর্তমান ক্লাব: চেলসি
সাবেক ক্লাব: পোর্তো
লুইস এনরিকে
বর্তমান ক্লাব: বার্সেলোনা
সাবেক ক্লাব: রোমা