তাঁর আরেকটি ট্রফি

গত ডিসেম্বরে নিজের শহর ফুনচালে নিজের নামে একটা জাদুঘর উদ্বোধনের পর ক্রিস্টিয়ানো রোনালদো সগর্বে বলেছিলেন-ফিফা ব্যালন ডি’অরের জন্য জাদুঘরে একটা জায়গা ফাঁকা রাখা থাকল। পরের মাসেই জায়গাটা ভরিয়ে ফেলেন স্বপ্নের সেই ট্রফি দিয়ে! আরেকটি ট্রফির জন্য দ্রুতই একটা জায়গা বের করতে হচ্ছে তাঁকে। পরশু ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো।
চোটাঘাতে কাতর রোনালদো বিশ্বকাপে ব্যর্থ ছিলেন। তাঁর দেশ পর্তুগালও বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। তার পরও পুরস্কারটি রোনালদোর হাতে ওঠায় কারও যদি সংশয় থাকে, তাহলে জানিয়ে রাখা ভালো যে পুরস্কারটা দেওয়া হয়েছে গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে। রিয়ালকে বহু প্রতীক্ষিত ‘লা ডেসিমা’ জেতানোর পথে রোনালদো গড়েছেন চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি (১৭টি) গোলের রেকর্ড। লিগেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। পরশু মোনাকোতে আরেকটি চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানেই উয়েফাভুক্ত দেশগুলোর ৫৪ জন ফুটবল সাংবাদিকের সরাসরি ভোটে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। তাঁর হাতে পুরস্কারটা তুলে দিয়েছেন উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি।
২০১০ সালে ফিফা বর্ষসেরার সঙ্গে ব্যালন ডি’অর একীভূত হওয়ার পর নতুনভাবে দেওয়া হচ্ছে এই পুরস্কার। চার বছরে পুরস্কারটা উঠল ভিন্ন চারজনের হাতে। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর রোনালদো। মেসি-ইনিয়েস্তা-রিবেরিরা এবার তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না। রোনালদোর লড়াইটা হয়েছে বায়ার্ন মিউনিখ ও জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার এবং বায়ার্নেরই ডাচ উইঙ্গার আরিয়েন রোবেনের সঙ্গে।
আগের তিনবারই তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। অবশেষে পুরস্কার জয়ের আক্ষেপ ঘুচে যাওয়ায় রোনালদো উচ্ছ্বসিত, ‘আমি সত্যিই খুব খুশি। আমি অবশ্যই আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, কারণ দলের সহযোগিতা ছাড়া কখনোই ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব নয়। আমার জাদুঘরে এই ট্রফিটা নেই। কাজেই বন্ধুরা তাড়াতাড়িই আমি এটা সেখানে রাখব।’
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি রোমন্থন করে রোনালদো আশাবাদ ব্যক্ত করেছেন শিরোপা ধরে রাখার, ‘সবকিছুই সম্ভব। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এটা জিতেছি। এখন রিয়ালের হয়ে জিতলাম। কাজেই আমরা এখন আরেকটির দিকে তাকিয়ে আছি।’
রোনালদোকে কথা বলতে হয়েছে ‘মেসি না রোনালদো, কে সেরা?’ চিরায়ত এই বিতর্ক নিয়েও। কিন্তু রোনালদো আরও একবার জানিয়ে দিলেন, ‘এই দ্বৈরথটা গণমাধ্যমের তৈরি। লিওনেল মেসির সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।’ রয়টার্স, এএফপি।