তাঁর আরেকটি মাইলফলক

ড্যানি কারভাহালের ক্রসটা হেড করে জালে জড়িয়েই ছুট। দুহাত ছড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই অতিপরিচিত উদ্যাপন। তখনো হয়তো জানতেন না এই গোলটা হয়ে গেছে দারুণ এক মাইলফলক। রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে করে ফেলেছেন ৩০০তম গোল। রোনালদোর সঙ্গে রিয়াল রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারিয়ে উদ্যাপন করেছে রাতটা। রাতটা স্বস্তিতে কেটেছে বার্সেলোনারও, আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার দিকে আরেকটু এগিয়েছে কাতালান ক্লাবটি।
আলফ্রেডো ডি স্টেফানো, রাউলের পর রোনালদোকে এই কীর্তির জন্য পরশু অপেক্ষা করতে হয়েছে ৬৭ মিনিট। একটা দিকে অবশ্য পূর্বসূরিদের চেয়ে অনেক এগিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড। ৩০০ গোল করতে ডি স্টেফানো (৩০৭) ও রাউলের (৭৪১) চেয়ে অনেক কম ম্যাচ খেলেছেন রোনালদো (২৮৮)। লিগে নিজের ৩৭তম গোল করার পর হামেস রদ্রিগেজকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। তার পরও রাতটা রোনালদোকে একটু অস্বস্তির কাঁটা বিঁধিয়েছে। প্রথম গোলের আগেই ‘ডাইভ’ দেওয়ার জন্য রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন সিআর-সেভেনকে। মৌসুমে পাঁচটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় এখন এক ম্যাচ নিষিদ্ধ তিনি। আগামীকাল এইবারের সঙ্গে ম্যাচে নামতে পারবেন না বার্নাব্যুতে। রোনালদো একা নন, রদ্রিগেজ ও টনি ক্রুসও পড়েছেন নিষেধাজ্ঞার খড়্গে। রিয়াল অবশ্য রোনালদোর হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।
ম্যাচ শেষে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি রেফারির ওপর ছিলেন ক্ষুব্ধ। তাঁর চোখে ওটা ছিল ন্যায্য পেনাল্টি। কিন্তু পেনাল্টি না দিয়ে রেফারি ‘ডাইভ’ দেওয়ার অভিযোগে রোনালদোকে দেখিয়েছেন হলুদ কার্ড।
রোনালদোর প্রতিদ্বন্দ্বী মেসি পরশু রাতে ও রকম কোনো স্মরণীয় উপলক্ষ পাননি, তবে মনে রাখার মতো একটা গোল তিনি উপহার দিয়েছেন ন্যু ক্যাম্পকে। ৩৩ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ভেঙে দিয়েছেন আলমেরিয়ার প্রতিরোধ। ফর্মে থাকা লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল, অন্য গোলটি করেছেন মার্ক বার্ত্রা। বার্সা লিগের এই পর্যায়ে কতটা মনোযোগী সেটা বোঝা যাবে সুয়ারেজের এই কথায়, ‘আমরা জানি মনোযোগ ধরে রাখতে না পারলে ৩ পয়েন্ট পাব না। আমরা বার্সেলোনা, নিজের সামর্থ্যটা আমাদের দেখাতে হবে।’ এএফপি, রয়টার্স।
রোনালদোর
৩০০
কীভাবে কত গোল
ডান পায়ে ২০৬
বাঁ পায়ে ৫২
হেডে ৪১
পেনাল্টিতে ৫৫
ফ্রি-কিকে ২৪
বক্সের বাইরে থেকে ৪৬
কোন টুর্নামেন্টে কত
২১৪ লা লিগা
৬০ চ্যাম্পিয়নস লিগ
২১ কোপা ডেল রে
৩ স্প্যানিশ সুপার কাপ
২ উয়েফা সুপার কাপ