তাঁর কাঠগড়ায় পুরো দল

পিওতর চেক চেলসি থেকে আর্সেনালে এসেছেন গত জুনে। সানচেজ-ওজিলরা তো ছিলেনই, সঙ্গে চেকও যোগ হওয়ায় আর্সেনালকে এবারের প্রিমিয়ার লিগ শিরোপার অন্যতম দাবিদার ভাবছিলেন অনেকে। তবে লিগের প্রথম ম্যাচটাই সেই বিশ্বাসে দিয়েছে একটা ধাক্কা। গত পরশু নিজের মাঠে আর্সেনাল ২-০ গোলে হেরে গেছে লন্ডনেরই আরেক ক্লাব ওয়েস্ট হামের কাছে।
পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থেকেই সেই সেটপিসে চিরকালীন রক্ষণদুর্বলতা, সঙ্গে গোলরক্ষকের ভুল—পরশু এমিরেটস স্টেডিয়ামে নতুন হারটা এল পুরোনো ঢঙেই। যে চেককে আর্সেনালের ‘সেরা চারের দল’ ও ‘লিগ চ্যাম্পিয়ন’ হওয়ার মধ্যে পার্থক্য গড়ে দেবেন বলে মনে হচ্ছিল, ‘সস্তা’ দুটি গোল খেতে হয়েছে তাঁর ভুলেই।
প্রথমার্ধের ৪৩ মিনিটে ফ্রি কিকে বক্সের বাইরে থেকে হাওয়ায় ভেসে আসা বলটি ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু হিসাবে কিছুটা গরমিল করে ফেলেন চেক। তাঁর আগেই বলে মাথা ছুঁইয়ে ওয়েস্ট হামের চিখু কাউয়াটে গোলটি করেন ফাঁকা পোস্টেই। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মাউরো জারাতের গোলটিতেও চেকের ধীরগতি ছিল লক্ষণীয়।
তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার শুধু গোলরক্ষকেরই দায় দেখেন না। ম্যাচের পর হারের জন্য পুরো দলেরই সমালোচনা করলেন ‘গানার’দের কোচ, ‘শুধু ও (চেক) নয়। রক্ষণে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের। এ রকম সহজ গোলের জন্য আমরা দায়ী, তবে দায়টা সবারই।’ এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোই দলের প্রধান চ্যালেঞ্জ ওয়েঙ্গারের কাছে, ‘রাস্তাটা কখনোই সহজ নয়। আমাদের দ্রুত ফিরে আসতে হবে, কারণ শুরুর ম্যাচগুলো বেশ কঠিনই।’ এএফপি।