তাঁর ঘুম ভাঙল বড্ড দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাজার্ড কাল ছিলেন অবিশ্বাস্য ফর্মে। ছবি: এএফপি।
হ্যাজার্ড কাল ছিলেন অবিশ্বাস্য ফর্মে। ছবি: এএফপি।

পুরো মৌসুমটা তাদের আক্ষেপে কেটেছে। তবে চেলসির সবচেয়ে বড় দীর্ঘশ্বাস হয়ে ছিল সম্ভবত এই প্রশ্নটা, ‘কোথায় হারালেন গত মৌসুমের হ্যাজার্ড?’
গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতানো চেলসি উইঙ্গার এবার যে শুরু থেকেই গভীর ঘুমে। তা-ও কি যেনতেন ঘুম? কুম্ভকর্ণের ঘুম তবু ছয় মাসে ভাঙে, এডেন হ্যাজার্ড তো মৌসুমের সাত-আট মাসেও জাগলেন না। এক একটি করে ২৯টি ম্যাচ চলে গেল, বেলজিয়ান উইঙ্গারের পায়ে কোনো গোল নেই। সেই হ্যাজার্ড জাগলেন। একটু দেরিতে, তবু ধীরে ধীরে পুরোনো রূপে ফিরে এসেছেন ২৫ বছর বয়সী উইঙ্গার। আর স্বরূপে ফেরা হ্যাজার্ড কতটা ভয়ংকর, তার আঁচ কাল পেল লিভারপুল।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের দলকে প্রায় একাই হারিয়ে দিচ্ছিলেন হ্যাজার্ড, তা শেষ পর্যন্ত হয়নি বেলজিয়াম জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ান বেনটেকে বাদ সাধায়। যোগ করা সময়ে গোল করে লিভারপুলকে ১-১ গোলের ড্র এনে দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার।
ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে উপলক্ষটা একটু আবেগঘনই ছিল লিভারপুলের জন্য। তার ওপর এটি ছিল অলরেডদের ডাগআউটে ক্লপের ৫০তম ম্যাচ। তবে উপলক্ষটাকে মাটি করে দিতে বসেছিলেন এক হ্যাজার্ডই। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন, তবে ফ্রেমে বাধাই করে রাখার মতো মুহূর্তটা এল ৩২ মিনিটে। লিভারপুলের বক্সের একটু সামনে বল পেয়ে একে একে তিন-চারজন লিভারপুল ডিফেন্ডারকে এমনভাবে কাটিয়ে গেলেন, যেন তারা মাঠে ছিলেনই না। সেটিকে পূর্ণতা দিলেন বক্সের বাঁ পাশ থেকে দুর্দান্ত মাটি কামড়ানো বাঁকানো শটে বল জালে জড়িয়ে দিয়ে।
এ নিয়ে সর্বশেষ চার ম্যাচে ৪ গোল করলেন মৌসুমে প্রথম ২৯ ম্যাচে গোল না পাওয়া হ্যাজার্ড। চেলসি কোচ গাস হিডিঙ্কের কণ্ঠে তো তার প্রশংসাই ঝরার কথা, ‘ও কী করতে পারে, তা তো দেখলেনই। প্রকৃতিপ্রদত্ত প্রতিভা আছে ওর, বুদ্ধিমানও। ফিট আছে, ওকে এভাবে খেলতে দেখাটা অনেক তৃপ্তির।’
হিডিঙ্কের তৃপ্তিটা অবশ্য পূর্ণতা পায়নি বেনটেকের কারণে। বদলি হিসেবে নামা লিভারপুল স্ট্রাইকার যে ম্যাচের ৯২ মিনিটে গোল করে লিভারপুলকে ড্র এনে দিয়েছেন। এই মৌসুমে এ নিয়ে পাঁচবার যোগ করা সময়ে গোল করল লিভারপুল, অনেকে তো একে ‘ক্লপেজ টাইম’ও বলা শুরু করে দিয়েছেন।
তবে জার্মান কোচকে ম্যাচ শেষে কথা বলতে হলো দলের স্থিরতা নিয়ে। প্রথম দিকে হ্যাজার্ডের গোলের পর দলের মধ্যে সমর্থকদের কণ্ঠে যে অস্থিরতা দেখেছেন, সেটিই একটু ভাবাচ্ছে ক্লপকে, ‘এই স্টেডিয়াম ও এর পরিবেশটা আমি ভালোবাসি। কিন্তু আজ সবাই কেমন যেন ধৈর্য হারিয়ে ফেলছিল। খেলোয়াড়েরা, সমর্থকেরাও। কেন যেন আমরা নিজেদের যোগ্যতায় ভরসা করতে পারছিলাম না। এটাই শিখতে হবে। অবশ্য সেটা ভবিষ্যতেও শিখতে পারব, আমরা শিখবও।’ সূত্র: এএফপি, ইএসপিএন।