তাঁর দাম কম দেখিয়েছে মনে হতেই ইনস্টাগ্রামে ব্লক করলেন রোনালদো
গত এক যুগে ফুটবল মাতিয়ে রাখা দুই মহাতারকার ইনস্টাগ্রামই যেন এখন বিতর্কের রসদ জোগাচ্ছে!
কদিন আগে শোনা গেল লিওনেল মেসি লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারকে ইনস্টাগ্রামের ইনবক্সে গালি দিয়েছেন। কেন? বার্সেলোনা ছেড়ে মেসি কেন নেইমার, এমবাপ্পে, রামোস, ভেরাত্তিদের পিএসজিতে গেছেন, সেটির সমালোচনা করে ক্যারাঘার এক টিভি অনুষ্ঠানে বলেছিলেন, মেসির পিএসজিতে যাওয়ার কোনো দরকার ছিল না। ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ক্যারাঘার।
মেসির ইনস্টাগ্রাম বিতর্কের পর এবার রোনালদোর ইনস্টাগ্রামে শিশুতোষ কাণ্ডের খবর এল। খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে বাজারমূল্য নিয়ে কাজ করা বিখ্যাত ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ব্লক করে দিয়েছেন রোনালদো। কেন? ট্রান্সফারমার্কেট তাঁর যে সম্ভাব্য বাজারমূল্য দেখিয়েছে, সেটি কম মনে হয়েছে রোনালদোর কাছে!
ঘটনাটা প্রথম সামনে আসে ট্রান্সফারমার্কেটের ইনস্টাগ্রামের এক পোস্টের সূত্র ধরে। ফুটবল–বিশ্বে রোনালদোর মুখপাত্র হিসেবে কাজ করেন বিশ্বখ্যাত পর্তুগিজ ফুটবল এজেন্ট জর্জ মেন্দেস। এই মৌসুমে জুভেন্টাস ছেড়ে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পেছনেও মেন্দেসের ঘুঁটির চালের অবদানের কথা বলেন অনেকে।
তা সেই মেন্দেস আরও যাদের ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেন, সেই ফুটবলারদের নিয়ে একটা একাদশ গড়ে ট্রান্সফারমার্কেট। সেখানেই প্রথম জানা যায় রোনালদোর কাছে তাদের ‘ব্লকড’ হওয়ার কথা!
রোনালদো, দি মারিয়া, হামেস রদ্রিগেজ, বের্নার্দো সিলভা, ফাবিনিও, জোয়াও কানসেলো, এদেরসন...তারকাসমৃদ্ধ এমন ফুটবলারদের নিয়ে গড়া একাদশ প্রকাশ করা পোস্টের ক্যাপশনে ট্রান্সফারমার্কেট প্রথমে লেখে, ‘কী অসাধারণ একটা দল! জর্জ মেন্দেসই কি বিশ্বের সেরা এজেন্ট?’
এরপরই লেখে, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা ট্যাগ করতে পারছি না, কারণ, নিজের বাজারমূল্য দেখার পর তিনি আমাদের ব্লক করে দিয়েছেন!’
এরপর আজ আবার ইংলিশ বিখ্যাত ক্রীড়া দৈনিক দ্য অ্যাথলেটিকের এক প্রবন্ধে এসেছে সেই ঘটনা। ইউরোপিয়ান ফুটবলে বিখ্যাত অনেক সাংবাদিককে নিয়ে এসে দারুণভাবে সাড়া ফেলে দেওয়া, ঘটনার ভেতরের খবর তুলে এনে ইউরোপে নতুন এসেই পরিচিত হয়ে যাওয়া এই ক্রীড়া দৈনিক আজ একটি প্রবন্ধ ছাপিয়েছে খেলোয়াড়দের বাজারমূল্য কীভাবে নির্ধারিত হয় সেটি নিয়ে।
আর বাজারমূল্যের ক্ষেত্রে তো ইউরোপে ট্রান্সফারমার্কেট নামের ওয়েবসাইটটি বেশ জনপ্রিয়। এমনকি অনেক ক্লাবও খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে ট্রান্সফারমার্কেটের ঠিক করে বাজারমূল্যকে হিসাবে নিয়ে আলোচনায় নামে।
কিন্তু তাদের মূল্যায়নের সঙ্গে যে অনেকেই একমত হতে পারেন না, সেটির উদাহরণ হিসেবেই প্রবন্ধে আসে রোনালদোর প্রসঙ্গ। লেখকের সঙ্গে আলাপে ট্রান্সফারমার্কেটের যুক্তরাজ্য অঞ্চলের ব্যবস্থাপক ড্যানিয়েল বুশ বিস্তারিত বলেছেন সেই ঘটনার, ‘একবার সম্ভবত আমরা ইনস্টাগ্রামে ৩৩ বছর বা তার বেশি বয়সের সবচেয়ে দামি ১০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিলাম। তিনি (রোনালদো) সেই তালিকায় প্রথম স্থানেই ছিলেন। কিন্তু তিনি আমাদের জানালেন যে তাঁর মূল্য আরও বেশি হওয়া উচিত।’
প্রসঙ্গত, তখন রোনালদোর বাজারমূল্য ধরা হয়েছিল ৭ কোটি ৫০ লাখ ইউরো।
দলবদল মূল্য নির্ধারণের ক্ষেত্রে ট্রান্সফারমার্কেট ওয়েবসাইটের সমন্বয়ক ক্রিস্টিয়ান শোয়ার্টজ তখন হেসে মাথা নাড়ালেন। বাকিটুকু বললেন তিনিই, ‘আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম দলের কাছে (ইনবক্সে) একটা খুদে বার্তা পাঠান তিনি (রোনালদো)। আমাদের কর্মীরা তাঁকে জবাব দিয়েছে। বুঝিয়েছে কেন তাঁর দাম এমন হলো। তারপর তাঁকে বলা হলো, ‘‘আপনার সমবয়সীদের হিসাব যখন করা হচ্ছে, তখনো আপনি সবার চেয়ে অনেক এগিয়েই সবার ওপরে আছেন।’’ আমার যতটুকু মনে পড়ে, তাঁর সঙ্গে তালিকায় দ্বিতীয় খেলোয়াড়ের দামের পার্থক্য ছিল প্রায় ৩০-৫০ মিলিয়নের মতো। কিন্তু (আমাদের ব্যাখ্যার পর) তিনি শুধু একটা স্মিত হাসির ইমোজি দিলেন, এরপর আমাদের ব্লক করে দিলেন!’
সে সময় মেসির বয়স ৩৩-এর নিচেই ছিল। তবে এখন মেসি-রোনালদোদের বাজারমূল্য দিনে দিনে কমে আসছে। ট্রান্সফারমার্কেটের এই মুহূর্তের হিসাব অনুযায়ী, আর ৮ দিন পর ৩৭তম জন্মদিনের কেক কাটতে যাওয়া রোনালদোর বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো। আর ৩৪ বছর বয়সী মেসির বাজারমূল্য ৬ কোটি। কিন্তু মেসি-রোনালদোরা সেরা হলেও তাঁদের বাজারমূল্য এখন কমতেই থাকবে বলে জানিয়েছেন শোয়ার্টজ। কারণ? বয়স!
বাজারমূল্য নির্ধারণে অন্য আরও অনেক বিষয়ের সঙ্গে বয়সও বিবেচিত হয়। সেদিকে দেখিয়েই শোয়ার্টজ বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হয়েছে। মেসিরও। শুধু বয়সের কারণেই তাঁদের বাজারমূল্য কমতে থাকবে। সেটা যদি তাঁরা তিন বছর আগের মতোই ভালো খেলতে থাকেন, তবুও। কারণ, তাঁদের বয়স এখন তিন বছর বেড়েছে।’