তাঁর দিকেও সন্দেহের তির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

সব রুই-কাতলা একের পর এক আটকে যাচ্ছে জালে। তাই বলে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও! না, এখনো কিছু প্রমাণিত নয়। তবে ফিফায় চলমান দুর্নীতির বিরুদ্ধে চলা তদন্তে এবার সন্দেহভাজনের তালিকায় উঠে এল খেলোয়াড় ও কোচের ভূমিকায় বিশ্বকাপ জেতা জার্মান কিংবদন্তির নাম। ফিফার নৈতিকতা কমিটি ‘কাইজারে’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
এর মধ্যেই মিশেল প্লাতিনি ও সেপ ব্ল্যাটার ৯০ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফিফার নৈতিকতা কমিটির তালিকায় আরও ১১ জন সন্দেহভাজন ছিলেন, এটা জানা গিয়েছিল। কিন্তু অনেকেই হয়তো কল্পনাও করেননি, ‘ওরা এগারো জনে’র মধ্যে আছেন বেকেনবাওয়ারও। অভিযোগের তির উঠেছে ফিফার সহসভাপতি মারিয়া ভিলারের দিকেও। অথচ প্লাতিনির বর্তমানে উয়েফার প্রধানের ভার তাঁর কাঁধেই।
কিন্তু হঠাৎ করে বেকেনবাওয়ারের নাম এল কোত্থেকে? আঁচটা কয়েক দিন আগেই মিলেছিল। ২০০৬ জার্মানি বিশ্বকাপ নিয়ে ৬৭ লাখ ডলারের ভোট কেনাবেচার একটা গুঞ্জন উঠেছিল। ওই বিশ্বকাপে জার্মানির আয়োজক কমিটির প্রধান ছিলেন বেকেনবাওয়ার। বিশ্বকাপজয়ী এই ফুটবলার-কোচ অবশ্য তখন এমন অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। প্লাতিনি নিষিদ্ধ হওয়ায় বেকেনবাওয়ার ২০১৮ বিশ্বকাপের সমন্বয় কমিটির দায়িত্বও পেয়েছেন কদিন আগেই।
বেকেনবাওয়ার কিন্তু গত বছর ফিফা থেকে কয়েক দিনের জন্য নিষিদ্ধও হয়েছিলেন। মাইকেল গার্সিয়ার ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ কমিশনকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একই অভিযোগ ছিল ভিলারের বিরুদ্ধেও। ফিফা কাল জানিয়েছে, বেকেনবাওয়ারের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সেটিতে দোষী সাব্যস্ত হয়েছেন কি না, কয়েক দিনের মধ্যেই সেটি জেনে যাওয়ার কথা।
প্লাতিনির পর বেকেনবাওয়ারের নাম উঠে আসাটা ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ তো বটেই। এএফপি।