তাঁর পাখির মতো মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মাত্র দুদিনেই চাকরি ছাড়লেন বিয়েলসা। ছবি: রয়টার্স।
এবার মাত্র দুদিনেই চাকরি ছাড়লেন বিয়েলসা। ছবি: রয়টার্স।

‘মানুষ আমি, আমার কেন পাখির মতো মন!’ জনপ্রিয় এ গানের কলি মার্সেলো বিয়েলসাকে কানে কানে বলে আসা দরকার। কারণ, তাঁর যে পাখির মতোই মন। ক্ষণিকের মাঝেই সিদ্ধান্ত পালটে ফেলার অসাধারণ এক ক্ষমতা আছে এই আর্জেন্টাইনের। এই তো ৬ জুন চুক্তি স্বাক্ষর করলেন ইতালিয়ান ক্লাব লাৎসিওর কোচ হিসেবে। মাত্র দুই দিন না যেতেই কাল পদত্যাগও করে বসলেন ৬০ বছর বয়সী বিয়েলসা।
অথচ লাৎসিওর কোচ হিসেবেই আজই দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল বিয়েলসা। কিন্তু নতুন কোচকে ভালোভাবে দেখার সুযোগও পেলেন না লাৎসিও সমর্থকেরা, তার আগেই বিদায় বলে দিলেন তিনি। এ যেন ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল’ নয়, বরং ‘ডাক্তার ডাক্তারি পরীক্ষা পাসের পূর্বেই রোগী ধরণি ত্যাগ করলেন!’
এ কাণ্ড অবশ্য এবারই প্রথম করেননি। এই তো গত মৌসুমের কাণ্ডটাই দেখুন। মাত্র মৌসুম শুরু হলো, মার্শেইয়ের সঙ্গে চুক্তিটা নতুন করে বাড়ানোর কথাবার্তা হচ্ছে। প্রথম ম্যাচে হারের পরই আচমকা সিদ্ধান্ত, আর এই দলের কোচিং করাবেন না! ব্যস, পদত্যাগ করে ফেললেন দ্বিতীয়বার না ভেবেই।
মজার ব্যাপার হলো, চিলি ও আর্জেন্টিনার কোচ হিসেবে বিখ্যাত হলেও ওই দুই সময়েও নিজের চরিত্র দেখিয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে স্প্যানিশ ক্লাব এসপানিওলের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই সে দায়িত্ব ছেড়ে দেন। কারণ, নিজের দেশের কোচ হওয়ার আমন্ত্রণ। চিলির ক্ষেত্রে অবশ্য উল্টো। চিলির দায়িত্বে দুর্দান্ত চারটি বছর কাটানোর পরও সবার অনুরোধ উপেক্ষা করে চাকরি ছেড়ে দেন। কারণ, ফুটবল বোর্ডের প্রেসিডেন্টকে পছন্দ না তাঁর!
এত সব কাণ্ডের পরও তাঁকে কেন ক্লাবগুলো পেতে চায়? কারণটি বলে দিয়েছেন পেপ গার্দিওলা। বার্সেলোনার হয়ে তিন বছরে সবকিছু জেতার পরও বিশ্বসেরা ম্যানেজার কে—এ প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেছিলেন, মার্সেলো বিয়েলসা। এমনকি তাঁকে সবাই ‘ট্যাক্টিক জাদুকর’ বললেও গার্দিওলা কিন্তু বিয়েলসাকেই নিজের অনুপ্রেরণা মানেন বিভিন্ন ট্যাক্টিকের জন্য। সমস্যা তো একটাই, বিয়েলসার যে ‘পাখির মতো মন’!