তাঁর পারিবারিক টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে ইমানুয়েল আদেবায়োর: ফাইল ছবি
মায়ের সঙ্গে ইমানুয়েল আদেবায়োর: ফাইল ছবি

হতে পারেন তিনি বিখ্যাত ফুটবলার। কিন্তু তাঁর জীবনটাও আর দশজন সাধারণ মানুষের মতোই। যে জীবনে সুখ যেমন আছে, আছে দুঃখও। সাংসারিক দায়িত্ব আছে, আছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে নানা ঝুট-ঝামেলা আর সম্পর্কের টানাপোড়েন। সব মিলিয়ে ইমানুয়েল আদেবায়োরও বুঝি সাধারণ একজন মানুষই। বাইরের চাকচিক্যময় জীবনের আড়ালে এই ভেতরের মানুষটা বেরিয়ে এসেছে সম্প্রতি ফেসবুকে তাঁর একটি পোস্টে।
বেশ কয়েক দিন ধরেই ব্রিটিশ সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল, আদেবায়োর নাকি বিখ্যাত হয়ে তাঁর পরিবারকে ভুলে গেছেন। খোঁজ রাখছেন না মা, বোন-ভাইদের। এমন অভিযোগ উঠেছিল পরিবারের পক্ষ থেকেই। এমনকি নিজের মাকেও নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন—ব্রিটিশ একটি দৈনিকের কাছে অভিযোগ তুললেন তাঁর বোন। কিন্তু পরশু ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেসব অস্বীকার করেছেন টটেনহামের এই টোগোলিজ স্ট্রাইকার। শুরুতেই পারিবারিক ঝামেলা পারিবারিকভাবে সমাধান করতে পারেননি বলে ক্ষমা চেয়েছেন। তারপর সমর্থকদের উদ্দেশে আদেবায়োর লিখেছেন, ‘১৭ বছর বয়সে ফুটবলার হিসেবে প্রথম বেতন পাওয়ার পরই আমি আমার মাকে একটি বাড়ি বানিয়ে দিয়েছি। এমনকি ২০০৮ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়ার পর মাকে নিয়ে মঞ্চে উঠেছি। ইংল্যান্ডে চলে আসার পর তাঁকে বেশ কয়েকবার লন্ডনে এনে চিকিৎসা করিয়েছি।’
এমনকি বিখ্যাত হয়ে যাওয়ার পরও মাকে নিয়মিত সংসার চালানোর জন্য অর্থ দেওয়ার কথা, ঘানায় বাড়ি কিনে সেই বাড়িতে মা, ভাই ও বোনকে রাখার কথা লিখেছেন আদেবায়োর। ব্যবসা করতে এক ভাইকে অর্থ দিয়েছেন, অন্য এক ভাইকে ফুটবলার হিসেবে গড়ে তুলতে নিয়ে গিয়েছিলেন মোনাকোতে। কিন্তু ওই ভাই সেখানে নাকি কয়েক মাসের মধ্যেই সতীর্থদের মোবাইল চুরি করে ধরা পড়েছেন। এমন দাবি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির এই সাবেক স্ট্রাইকারের। অথচ পরিবারের সেই মানুষগুলোই নাকি এখন সংবাদমাধ্যমের কাছ থেকে অর্থ নিয়ে তাঁর নামে মিথ্যা বলে যাচ্ছে!
সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে আদেবায়োর শরণাপন্ন হয়েছেন আরেক আফ্রিকান ফুটবলার ও বন্ধু দিদিয়ের দ্রগবার। দ্রগবা বাতলে দিলেন একটা পথ। অন্যের কথায় কান না দিয়ে নিজে যা করে আনন্দ পাওয়া যায়, সেটিই করে যেতে। মেইল অনলাইন।