ইংলিশ লিগে গোল ৯৭ দেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তের হেডে জয়সূচক গোল করছেন ক্লাভান। ছবি: টুইটার
শেষ মুহূর্তের হেডে জয়সূচক গোল করছেন ক্লাভান। ছবি: টুইটার

এর আগে ৯৬টি ভিন্ন দেশের ফুটবলাররা গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। গতকাল বার্নালির মাঠে এই তালিকায় এস্তোনিয়ার নাম তুলেছেন র‍্যাগনার ক্লাভান। এ নিয়ে মোট ৯৭টি দেশের ফুটবলাররা গোল করলেন অন্যতম সেরা এই লিগে।

ক্লাভান এক দিক দিয়ে দারুণ ভাগ্যবান। ডিফেন্ডার হয়েও গোল পেলেন। দেশের হয়ে প্রথম গোলদাতা হলেন। নিজের ৩৪তম ম্যাচে ৩২ বছর বয়সী ক্লাভান দেশের নামটি খোদাই করে রাখলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে সমতায় ফেরে বার্নলি। ‘অলরেড’দের মুঠো ফসকে যাওয়া জয়কে ক্লাভান আবারও মুঠোবন্দী করেছেন যোগ করা সময়ে! ৯৪ মিনিটে বাতাসে ভেসে আসা সেটপিস দারুণ হেডে বার্নলির গোলপোস্ট বরাবর রেখেছিলেন ডেজান লাভরেন। ক্লাভান তা জালে পাঠিয়েছেন গোললাইনের খুব কাছ থেকে করা হেডে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ১৬ ম্যাচ অপরাজিত লিভারপুল। কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে এটাই তাদের সর্বোচ্চসংখ্যক ম্যাচে অপরাজিত থাকার কীর্তি। প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকাও অলরেডদের কোচ হিসেবে ক্লপের সেরা সাফল্য। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিভারপুল। অন্য ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল হোসে মরিনহোর দল।