তাঁর শুধু রোনালদোর ইচ্ছাশক্তিটাই ছিল না

ফাবিও পাইম—ফুটবলের আরেক আক্ষেপের নাম।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি আপনাদের মনে হয় আমি ভালো খেলোয়াড়, তাহলে ফাবিও পাইমকে দেখা পর্যন্ত অপেক্ষা করুন।’

কথাগুলো ক্রিস্টিয়ানো রোনালদোর। তখন স্পোর্টিং লিসবন ছেড়ে পর্তুগিজ তারকা তখন মাত্র কদিন হলো ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন, সামনে থাকা সাংবাদিকদের তখন কথাগুলো বলেছিলেন। রোনালদো কাউকে নিজের চেয়েও ভালো বলছেন, চমকে দেওয়ার মতো ঘটনাই বটে! কিন্তু যে খেলোয়াড়কে নিয়ে রোনালদো কথাগুলো বলেছেন, তাঁর নাম কজন শুনেছেন এর আগে?

ফাবিও পাইম! রোনালদোরই স্বদেশি, বয়সে ৩৫ বছর বয়সী রোনালদোর চেয়ে তিন বছরের ছোট। রোনালদোর মতোই উইঙ্গার। কিন্তু তিনি কেমন খেলোয়াড়, কোথায় খেলেন—তা জানা থাকলে নিজেকে আপনি ফুটবলের দুপেয়ে ‘জ্ঞানকোষ’দাবি করতেই পারেন। ফুটবলের অনেক তারকার অকালে ঝরে যাওয়ার আরেকটি জ্বলজ্বলে উদাহরণ হয়ে থাকা নামই এটি।

রোনালদো যেখানে ফুটবল ইতিহাসেরই সেরাদের একজন, অনেক বছর আগে রোনালদোই যাঁকে তাঁর চেয়ে ভালো দাবি করেছেন, সেই পাইমের ক্যারিয়ার কেটেছে অ্যাঙ্গোলা, কাতার, চায়না, মাল্টা, লিথুয়ানিয়া বা লুক্সেমবার্গের ক্লাবে। ২০০৭ থেকে শুরু পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে ১৯টি ক্লাবে ঘুরেফিরে খেলেছেন। আর জাতীয় দলে খেলা? অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২১...বয়সভিত্তিক সব দলে খেলা হলেও কখনো মাড়ানো হয়নি পর্তুগালের জাতীয় দলের দরজা!

মাত্র ১৬ বছর বয়সে স্পোর্টিংয়ে মাসে ১ লাখ ৫০ হাজার ইউরো বেতন পেতে লাগলেন পাইম। অথচ তখনো পেশাদার ফুটবলে অভিষেকই হয়নি তাঁর।

ফুটবলে কম বয়সেই কাউকে নিয়ে ‘হাইপ’ বা ব্যাপক সাড়া পড়ে যাওয়া, অনেক অর্থ হঠাৎ হাতে পেয়ে যাওয়া কী বড় ক্ষতির কারণ হয়ে আসতে পারে, তার আরেকটি দলিল হতে পারে পাইমের ক্যারিয়ার। এই শতাব্দীর প্রথম দশকে পর্তুগালের সবচেয়ে বড় প্রতিভাগুলোর একটি ছিলেন, আলো ছড়াচ্ছেন স্পোর্টিং লিসবনের একাডেমিতে। যে একাডেমি থেকেই উঠে এসে স্পোর্টিংয়ের জার্সিতে আলো ছড়াতে না ছড়াতেই রোনালদোকে নিয়ে গেছে ইউনাইটেড।

মাত্র নয় বছর বয়সে স্পোর্টিংয়ের একাডেমিতে আসা। সেখানে রোনালদোর সঙ্গে দেখা হয়েছে তাঁর, সেই দেখা থেকেই পাইমের প্রতিভায় রোনালদোর মুগ্ধ হওয়া। দুজনে অবশ্য বন্ধুত্ব তেমন ছিল না, বয়সভিত্তিক পর্যায়ে একই দলে না খেললে বন্ধুত্ব সেভাবে গড়ে ওঠা কঠিনই বটে। একাডেমিতে দুজনকে ঘিরেই বড় আশা ছিল। কিন্তু সেই একাডেমি থেকে বেরিয়ে রোনালদোর ক্যারিয়ার যেখানে একের পর এক চূড়া পেরিয়েছে, পাইমের ক্যারিয়ার মুখোমুখি হয়েছে একের পর এক পাহাড়ধসের।  

স্পোর্টিং লিসবনের জার্সিতে পাইম।
ছবি: সংগৃহীত

হয়তো বয়সের একটু আগেই পাইমের ক্যারিয়ার চলে এসেছিল পাদপ্রদীপে, সেটিই কাল হয়েছে তাঁর জন্য। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপের বড় বড় ক্লাব টিনএজার (১৩ থেকে ১৯ বছর বয়সী) পাইমকে পরখ করে চলছিল নিয়মিত। কিন্তু রোনালদোকে ‘মাত্র’ ১ কোটি ২০ লাখ পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করা স্পোর্টিং ভেবেছিল পাইমকে ধরে রাখবে। হয়তো এখানে থেকেই পাইম নাম কামালে তাঁকে আরও বেশি দামে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। তা পাইমকে ধরে রাখার ইচ্ছা থেকেই অনেক তরুণ বয়সেই অনেক অর্থ দিতে থাকে স্পোর্টিং। যে পাইমের এর কয়েক বছর আগে ফুটবল বুট কেনার টাকা ছিল না, সেই পাইম মাত্র ১৬ বছর বয়সে স্পোর্টিংয়ে মাসে ১ লাখ ৫০ হাজার ইউরো বেতন পেতে লাগলেন। অথচ তখনো পেশাদার ফুটবলে অভিষেকই হয়নি তাঁর। ভাবা যায়!

‘১৬ বছর বয়স থেকেই অনেক টাকা পেতে শুরু করি আমি। তখনই স্পোর্টিংয়ের সঙ্গে একটা চুক্তি ছিল আমার। স্পোর্টিংয়ের মূল দলের খেলোয়াড়দের চেয়েও বেশি পেতাম আমি। কারণ সে সময়ে অনেক ক্লাবই আমাকে চেয়েছিল’—২০১৭ সালে ব্রাজিলের পত্রিকা গ্লোবো এস্পোর্তেতে বলেছিলেন পাইম। পেছন ফিরে পাইমের মনে হয়, ‘টাকার সঙ্গে এর আগে আমি অভ্যস্ত ছিলাম না। যখন খেলা শুরু করেছিলাম, আমার বুটও ছিল না। কিন্তু হঠাৎ করেই সবকিছু ঘটতে লাগল। আমি এত কিছুর জন্য প্রস্তুত ছিলাম না।’

‘যদি আপনাদের মনে হয় আমি ভালো খেলোয়াড়, তাহলে ফাবিও পাইমকে দেখা পর্যন্ত অপেক্ষা করুন।’
ক্রিস্টিয়ানো রোনালদো

মজার ব্যাপার হচ্ছে, স্পোর্টিং তাঁকে অনেক টাকা দিলেও মূল দলে তাঁকে খেলাচ্ছিল না। আশ্চর্যজনকভাবে ১৯ বছর বয়সে তাঁকে একাডেমি থেকে মূল দলে ওঠালেও এখানে সেখানে ধারে পাঠাতে থাকে। প্রথম তিনটি ক্লাব পর্তুগালেই। প্রথমে অলিভাইস মোস্কাভিদে, এরপর ত্রোফেন্সে, তারপর পাকোস ফেরেইরা। কিন্তু ২০০৮ সালে তাঁকে চেলসিতে ধারে পাঠানোই সম্ভবত সবচেয়ে বড় চমক হয়ে এসেছে। যে পাইম স্পোর্টিংয়েরই মূল দলে সুযোগ পাচ্ছিলেন না, সেই তিনিই ল্যাম্পার্ড-দ্রগবা-জো কোলদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চেলসির মূল দলে মোটামুটি নিয়মিত সুযোগ করে নিতে পারবেন—এমন ভাবনাই তো হাস্যকর!

ফল? লন্ডনে অনেকটা ‘ছুটি’ই কাটাচ্ছিলেন পাইম। ইংল্যান্ডের রাজধানী ঘুরেফিরে দেখেই সময় কাটাচ্ছিলেন, চেলসি থেকে পাওয়া উঁচু বেতনে পকেটও ছিল ভারী। মাত্র ২০ বছর বয়সী একজনের জন্য এ তো অন্ধকারের অনুচ্চার আবাহন। পাইমের মাথা ঘুরে যেতে সময় লাগল না মোটেও। ‘ওই সময়ই আমি কঠোর অনুশীলন করা বন্ধ করে দিলাম। আমাকে কোচ যে চ্যালেঞ্জগুলো দিতেন, সেগুলো পুরো করায় ব্যর্থতা ধীরে ধীরে শুরু হলো। মদ্যপান শুরু করলাম। আরও অনেক কিছুই করতে লাগলাম, কারণ আমার হাতে তখন অনেক টাকা ছিল। যা ইচ্ছা তা-ই করার জন্য দরজাও খোলা ছিল’—স্মৃতি হাতড়ে যেন আফসোস জাগে পাইমের।

এ ভিডিও দেখলে আক্ষেপ জাগতে বাধ্য ফুটবল ভক্তদের।

সেটিই পাইমের ক্যারিয়ারের ‘টার্নিং পয়েন্ট।’ দুর্ভাগ্যবশত, ক্যারিয়ারটা ঘুরে গেল পতনের দিকে। পতন বলতে বাধাহীন পতন, পাহাড়চূড়া থেকে ছিটকে পড়ার মতো। যেটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি পাইম। চেলসিতে মূল দলে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই ২০০৯ সালে আবার পর্তুগালে ফিরে যান। গিয়েও লাভ হলো না। স্পোর্টিং তাঁকে রিও আভেতে ধারে পাঠায়, কিন্তু উঁচু বেতনের কারণে সেখান থেকেও কোনো ম্যাচ খেলার আগেই ফিরে আসেন পাইম। এরপর ধারে যাওয়া পর্তুগালের তৃতীয় বিভাগের এক ক্লাবে, এখানেও ভালো করতে পারেননি। কিছু বুঝে ওঠার আগেই দেখলেন, ২০১০ সালে তাঁর সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছে স্পোর্টিং। তিন বছর আগেও যে খেলোয়াড়ের জন্য রিয়াল-বার্সার আগ্রহ ছিল অনেক, তিন বছর আগে যাঁকে ধরে রাখতে কী না করেছে স্পোর্টিং, তিন বছরের ব্যবধানে সেই পাইমই ক্লাবহীন!

এরপর অ্যাঙ্গোলা, কাতার, লিথুয়ানিয়া কিংবা লুক্সেমবার্গে এ ক্লাব-সে ক্লাবে খেলা। খুব বেশি রেকর্ড নেই তাঁর ক্যারিয়ারের, কিন্তু এতটুকু বোঝা যায়, কোনো ক্লাবেই থিতু হতে পারেননি পাইম। ২০১৫ সালে লুক্সেমবার্গের দ্বিতীয় বিভাগে খেলার সময় পাইমের অপেশাদার আচরণের জন্য চুক্তি বাতিল করে তাঁর ক্লাব। নিজেও মানেন, ক্যারিয়ারটা তাঁর অসৎ-সঙ্গেই কেটেছে। ‘সুযোগ পেলে ক্যারিয়ারের অনেক অনেক কিছুই বদলাতাম আমি। বিশেষ করে কাদের সঙ্গে মিশছি, সেটি’—পাইমের অসময় আত্মোপলব্ধি। যদিও আত্মোপলব্ধিও খুব একটা কাজে আসেনি, গত বছর পর্তুগালে মাদক বহনের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন পাইম।

আজ যেখানে রোনালদো ইউনাইটেডের পর রিয়ালের জার্সিতে সর্বজয় করে এখন জুভেন্টাসের জার্সিতে ৩৫ বছর বয়সেও গোলের বান ছুটিয়ে চলেছেন, দৃশ্যত তাঁর চেয়েও বেশি প্রতিভা নিয়ে ফুটবলের মঞ্চে আসা পাইমের বাস অন্ধকারে। কষ্টটা পাইমকে পোড়ানোরই কথা! পোড়ায়ও, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আজ অন্য জগতের। কোনো তুলনাই হতে পারে না আমাদের।’

তাঁকে আর রোনালদোকে দুই জগতের বাসিন্দা করে দিয়েছে কোন পার্থক্যটি? রোনালদোর কী ছিল, যেটা পাইমের ছিল না? গ্লোবো এস্পোর্তের সঙ্গে সাক্ষাৎকারে সব হারানো পাইমের সরল স্বীকারোক্তি, ‘অতীতে, হ্যাঁ, হয়তো ওর চেয়েও বেশি প্রতিভাবান ছিলাম। কিন্তু ওর যেটা ছিল আমার সেটা ছিল না—মনের জোর, জয়ের বা যা হতে চান সেটা হওয়ার উদগ্র বাসনা। ও কঠোর পরিশ্রম করে, আমি করতাম না। আমার প্রতিভা ছিল, হয়তো ওর চেয়েও বেশি, কিন্তু ওর বাকি যা ছিল, সেগুলো আমার ছিল না।’

এত বছর পর এসে ভুলটা বুঝতে পেরেছেন তো বটেই। পাইমের মনে হচ্ছে, ‘আরও অনেক কম প্রতিভা নিয়েও (রোনালদোর মতো) অন্য সবকিছু থাকলে আমিও বিশ্বের সেরাদের একজন হতে পারতাম। আমি ভেবেছিলাম প্রতিভা দিয়েই আমি সফল হতে পারব। কিন্তু এমনটা হয় না।’

উপলব্ধিটা যত দিনে হলো, তত দিনে সময় তাঁকে আর ক্ষমা করেনি। সময় আর প্রতিভা কখনো নিজেদের অপচয় সহ্য করে না।