তাঁরা হাত মেলাবেন!

কাগজে-কলমে মৌসুম শুরু হতে এখনো বাকি দুই সপ্তাহের বেশি। তবে প্রীতি ম্যাচের আড়ালে এবারের প্রথম ম্যানচেস্টার-ডার্বির স্বাদ আজই পেয়ে যাবেন সবাই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের চীন-পর্বে বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে ‘ম্যানচেস্টার ডার্বি’ ছাপিয়ে ম্যাচটি নিয়েছে অন্যরূপ। এ ম্যাচ দিয়েই যে পুনরুজ্জীবিত হচ্ছে গার্দিওলা-মরিনহো দ্বৈরথ।
হোসে মরিনহো যখন ইন্টার মিলানে ছিলেন, তখনই প্রথম মুখোমুখি হয়েছিলেন দুজন। চ্যাম্পিয়নস লিগে শুরু হওয়া সে দ্বৈরথ পরের বছরই স্থান করে নিল লা লিগায়। বার্সেলোনার ডাগআউটে পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদে মরিনহো—ট্যাকটিকসের লড়াই হয়েছে দুই মৌসুমজুড়ে। কথার লড়াই হয়েছে, তিক্ততাও ছড়িয়েছে অনেক। এরপর দুজন ভিন্ন দুই ক্লাবের হয়ে লিগ শিরোপা জিতে এখন এক শহরেই আবাস গেড়েছেন।
আজ তাই ম্যাচের আগে দুজনের অতীতটাও সামনে চলে এসেছে। তবে গার্দিওলার কাছে সবই পুরোনো গল্প। আজ ম্যাচের আগে দুজন কি হাত মেলাবেন? পুরোনো প্রতিদ্বন্দ্বিতা কি বাধা হয়ে দাঁড়াবে না? এমন প্রশ্নে বিস্মিত হলেন সিটি কোচ, ‘আমরা ভদ্রলোক, কেন নয়? আমাদের হাত না মেলানোর কোনো কারণ নেই। তিনি জিততে চাইবেন, আমিও জিততে চাইব। ব্যস, এটুকুই। এটি একটি প্রীতি ম্যাচ, শুধুই একটি প্রীতি ম্যাচ।’
তবে ম্যাচটি সঠিক সময়ে হবে কি না, সে প্রশ্নও উঠছে, প্রবল ঝড়ের কারণে কালকের অনুশীলন সরিয়ে নেওয়া হয়েছে বার্ড নেস্ট থেকে, মাঠও খেলার অনুপযুক্ত হয়ে গিয়েছিল অনেকটা। এএফপি।